ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে শক্তিশালী দল নিয়েই নামবে দক্ষিণ আফ্রিকা, দলে আছেন কারা?
ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল ঘোষিত হওয়ার আগেই দল ঘোষণা করে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে শক্তিশালী দল নিয়েই অভিযানে নামবে প্রোটিয়ারা। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু বক্সিং ডে টেস্ট।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডিন এলগারের নেতৃত্বে যে দল পাঠানো হয়েছিল এবং ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল প্রোটিয়ারা, সেই দলের প্রায় পুরোটাই ধরে রাখা হয়েছে। ডিন এলগার দেশের মাটিতে প্রথমবার টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ভারতের বিরুদ্ধে সিরিজেই। টেস্ট দলের সহ অধিনায়ক তেম্বা বাভুমা, যিনি টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। বাভুমা ক্যারিবিয়ান সফরে গেলেও চোটের কারণে খেলতে পারেননি। তবে ভারতের বিরুদ্ধে সিরিজে তিনি খেলবেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগে চেনা মুখেরই ভিড়। এতটাই শক্তিশালী ব্যাটিং লাইন আপ যে ভারত এ দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার নিরিখে প্রথম দুইয়ে থাকা টনি ডি জর্জি ও পিটার মালানের মতো দুই ক্রিকেটারও ঠাঁই পাননি টেস্ট দলে।

২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার পর ফের টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে ডুয়ান অলিভিয়েরের। ক্রিকেট সাউথ আফ্রিকার চার দিনের ক্রিকেট সিরিজে সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন অলিভিয়ের। ৮ ইনিংসে তিনি ২৮ উইকেট পেয়েছেন, সেরা বোলিং ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট। তাঁর সঙ্গেই ২১ সদস্যের দলে ফেরানো হয়েছে গ্লেন্টন স্টুরম্যান, ও প্রিনেলান সুব্রায়েনকে। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন সিসান্ডা মাগালা ও রায়ান রিকেলটন। সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পিচ থেকে বেশি সহায়তা আদায় করে নিতে পারবেন জোরে বোলাররাই। প্রোটিয়াদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডির পাশাপাশি রয়েছেন বাঁহাতি পেসার মার্কো জেনসেন ও বিউরান হেন্ডরিক্স। তাঁদের সঙ্গে স্টুরম্যান ও মাগালা। তবে নজর থাকবে অলিভিয়েরের দিকেও। কেপ টাউনের পিচে স্পিনাররা সাফল্য পেতে পারেন। ফলে দলে রাখা হয়েছে কেশব মহারাজ, অলরাউন্ডার জর্জ লিন্ডে ও প্রিনেলান সুব্রায়েনকে। তাবরেজ শামসি টেস্ট দল থেকে বাদ পড়েছেন। সিম বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারকেও রাখা হয়েছে দলে বিকল্প বাড়ানোর লক্ষ্যে।

ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত দল- ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাগিসো রাবাডা, সারেল এরউই, বিউরান হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন, মার্কো জেনসেন, গ্লেন্টন স্টুরম্যান, প্রিনেলান সুব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকেলটন, ডুয়ান অলিভিয়ের।












Click it and Unblock the Notifications