Cricket in Olympics: বিশ্বকাপের মাঝেই বিরাট সুখবর, অলিম্পিকেও এবার ব্যাট বলের লড়াই
একদিনের বিশ্বকাপের মাঝেই ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। অলিম্পিকে অর্ন্তভুক্ত হল ক্রিকেট। আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দেখা যাবে ব্যাট বলের লড়াই। শুক্রবারই চূড়ান্ত হয়ে গেল অলিম্পিকে ক্রিকেটর ভাগ্য, আগামী ১৪ ও ১৫ অক্টোবর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক রয়েছে। তারপরই বিষয়টিতে চূড়ান্ত ঘোষণা হবে।
ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করাতে বিগত কয়েক বছর ধরেই চেষ্টা চালাচ্ছিল আইসিসি। অবশেষে কমনওয়েলথ গেমসের পর এবার অলিম্পিকেও যুক্ত হচে চলেছে ক্রিকেট।শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি।

শনিবার থেকে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক শুরু হচ্ছে। তার আগে শুক্রবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিলমোহর দিল। এবার শুধু সরকারি ঘোষণাটুকু বাকি।
আইওসি প্রধান টমাস বাখ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, 'আইওসি কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। তবে আইসিসির সঙ্গে আলোচনা করে ঠিক করবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায়। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কটা দল অংশ নেবে সেটা এখন স্পষ্ট নয়।'

অলিম্পিক্সে এর আগে এক বারই ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাত্, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে চলেছে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। দীর্ঘ দিন ধরেই অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা চলছিল। আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে বিশ্বকাপের মাঝেই ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল।












Click it and Unblock the Notifications