'স্যান্ডপেপার' কাণ্ডে ব্যানক্রফটের বক্তব্যই নাকি শোনেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও, সরব ওয়ার্নারের এজেন্ট
'স্যান্ডপেপার' কাণ্ডে ব্যানক্রফটের বক্তব্যই নাকি শোনেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও, সরব ওয়ার্নারের এজেন্ট
২০১৮ সালের 'স্যান্ডপেপার' কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অ্যাডাম গিলক্রিস্ট। ঘটনার তদন্ত নতুন করে শুরু করা উচিত বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পরোক্ষে পরামর্শও দেন দুই রথী। তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ে অজি ক্রিকেট বোর্ড যে বিন্দুমাত্র চিন্তিত নয়, তা প্রমাণ হল সোমবার।

কী বললেন নিক হকলে
২০১৮ সালের কুখ্যাত বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এই ইস্যুতে নতুন করে মুখ খুলেছেন ওই ঘটনায় শাস্তিপ্রাপ্ত ক্যামেরন ব্যানক্রফট। তাঁর বক্তব্য নিয়ে আলোড়ন তৈরি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। অথচ সে সম্পর্কে কোনও কথা তাঁর কান পর্যন্ত পৌঁছয়নি বলেই দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন সিইও নিক হকলে।

কী বললেন ডেভিড ওয়ার্নারের এজেন্ট
২০১৮ সালের 'স্যান্ডপেপার' কাণ্ড আরও একবার ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলতেই এই ইস্যুতে সরব হয়েছেন ঘটনায় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের এজেন্ট আরস্কিনে। গোটা তদন্তটিকে তিনি 'জোক' বলে আখ্যা দিয়েছেন। আরস্কিনের কথায়, গোটা প্রক্রিয়াটি প্রহসনের সমান। এখন সত্য সামনে এলেও অস্ট্রেলিয়া ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ওয়ার্নারের এজেন্ট।

ক্লার্ক ও গিলক্রিস্টের বক্তব্য
ম্যাচ চলাকালীন দলের কোনও ফিল্ডার বলে বিকৃতি ঘটালে বোলাররা তা টের পাবেন না, তা মোটেই বিশ্বাস করেন না মাইকেল ক্লার্ক। তাঁর কথায়, আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়া ক্রিকেটাররা এতটাই দক্ষ হন যে তাঁরা বল ধরেই সেটির আকৃতিগত পরিবর্তন অনায়াসে বুঝতে পারেন। ফলে স্যান্ডপেপার কাণ্ড নিয়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট সহ অস্ট্রেলিয়ার প্রতি সদস্য ওয়াকিবহাল ছিলেন, তা নিশ্চিতভাবে দাবি করেছেন ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডের ক্যামেরন ব্যানক্রফটের দাবির সমর্থন করেছেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও। তাঁর কথায়, ঠিক ভাবে তদন্ত হলে এই ঘটনায় আরও অনেকের নাম জড়িয়ে পড়তে পারত।

ব্যানক্রফটের সওয়াল
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভুল মেনে নিয়েও ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছিলেন, 'স্যান্ডপেপার' কাণ্ডের যুক্ত সেই অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার। বিশেষ করে সেই দলের বোলারদেরও অভিযোগের কাঠগড়ায় তোলা উচিত ছিল বলে জানিয়েছিলেন প্রাক্তন অজি ওপেনার। উল্লেখ্য ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতির অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। ক্যামেরায় তাঁদের কুকীর্তি ধরাও পড়েছিল। ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন ব্যানক্রফট। স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications