সিপিএল ২০২০ : টানা ৯ ম্যাচ অপরাজেয় নাইট রাইডার্স, দাপুটে জয় সেন্ট লুসিয়ার বিরুদ্ধেও
সিপিএল ২০২০ : টানা ৯ ম্যাচ অপরাজেয় নাইট রাইডার্স, দাপুটে জয় সেন্ট লুসিয়ার বিরুদ্ধেও
নয়ে নয়! তিরের গতিতে ছুটছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে সেন্ট লুসিয়া স্টারসের বিরুদ্ধে ২৩ রানের দাপুটে জয় পেয়েছে শাহরুখ খানের দল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানেই জাঁকিয়ে বসে রয়েছেন কাইরন পোলার্ড, সুনীল নারিন, ডোয়েন ব্রাভোরা। তাঁদের ধারেকাছে নেই অন্য কোনও দল। সমপরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হওয়া এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সেন্ট লুসিয়া স্টারস। আগে ব্যাট করার সুবিধা পুরোপুরি লুটে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাহাড় প্রমাণ ১৭৫ রান তোলে শাহরুখ খানের দল। নাইটদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৫০ রান করেন ড্যারেন ব্র্যাভো। ২১ বলে ৪২ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড। টিম সেইফার্টের ব্যাট থেকে আসে গুরুত্বপূ্র্ণ ৩৩ রান। সেন্ট লুসিয়ার হয়ে সর্বাধিক ২ উইকেট নেন স্কট কুগলেইজন।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাইট বোলারদের আঁটোসাঁটো লাইন ও লেন্থের ঘেরাটোপে ধরা পড়েন সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি তুলতে পারেনি ড্যারেন স্যামির দল। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪২ রান করেন মার্ক ডেয়াল। ৪০ রান করেন আন্দ্রে ফ্লেচার। নাইট শিবিরের হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২টি করে উইকেট নেন ডোয়েন ব্রাভো ও ডেইদেন সেলেস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান পোলার্ডই।












Click it and Unblock the Notifications