ভারতের দল নির্বাচনে ধর্মীয় পক্ষপাত! সরফরাজের প্রসঙ্গ টেনে গম্ভীরকে আক্রমণ কংগ্রেসের
মহম্মদ শামির সঙ্গে নির্বাচক প্রধান অজিত আগরকরের বাগযুদ্ধের রেশ কাটতে না কাটতেই আরও এক বিতর্ক। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে শামির পাশাপাশি রাখা হয়নি সরফরাজ খানকে।
ঘরোয়া ক্রিকেটে সরফরাজের ভালো ফর্ম থাকা সত্ত্বেও তাঁকে ছেঁটে ফেলা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। সরফরাজ ওজন কমিয়ে আগের তুলনায় ফিট। তবু খুলছে না জাতীয় দলের রাস্তা।

এবার জাতীয় দলে সরফরাজের বঞ্চনা নিয়ে সরব হলেন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ। ভারতের দল নির্বাচনে ধর্মীয় পক্ষপাতের অভিযোগ তুলে তিনি নিশানা করলেন ভারতের হেড কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে। গম্ভীরের জন্যই সরফরাজকে বারবার বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ শামার।
গতকালই দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। যা থেকে কয়েকজন প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকবেন বলেও জল্পনা। কিন্তু সেই দলে ঠাঁই হয়নি সরফরাজের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা, আগ্রাসী ব্যাটার মুম্বইয়ের সরফরাজকে দ্বিতীয় সারির দলেও কেন ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, শামির পাশাপাশি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি মুম্বই তথা ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানেও।
শামা এক্স হ্যান্ডলে প্রশ্ন তোলেন, সরফরাজ কি তাঁর পারিবারিক নামের কারণে নির্বাচিত হচ্ছেন না? তিনি লিখেছেন, "সরফরাজ খান কি তার পারিবারিক নামের কারণে নির্বাচিত হচ্ছেন না! শুধুমাত্র জিজ্ঞাসা এটি। এই বিষয়ে গৌতম গম্ভীরের মনোভাব বা অবস্থান তো আমরা সকলেই জানি।" গম্ভীর যে বিজেপির সাংসদ ছিলেন এই টুইটে সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি।
সরফরাজ গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ভারতের হয়ে খেলেছিলেন। তবে অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সুযোগ পাননি। সুযোগ দেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। তারপর ভারতের এ দলেও তাঁকে না দেখে অবাক হয়েছেন সকলেই।
উল্লেখ্য, রোহিত শর্মাকে মোটা ও ভারতের ইতিহাসে প্রভাব না থাকা বলে কটাক্ষ করে বিতর্কে জড়ান শামা। এদিন তিনি জনৈক রাজীবের একটি এক্স হ্যান্ডলের একটি পোস্টকে রিটুইট করেছেন। যেখানে লেখা প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫-র উপর গড়, অভিষেক হওয়া টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের ইনিংস খেলা, ১৭ কেজি ওজন কমিয়ে ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেও ভারতীয় এ দলে নেই সরফরাজ। আগরকর ও গম্ভীর মিলে একজনের কেরিয়ার ধ্বংস করছেন।
সরফরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছে এআইএমআইএম। দলের মুখপাত্র ওয়ারিস পাঠান একটি সংবাদমাধ্যমে বলেছেন, "যখন একজন খেলোয়াড় এত গড় রেখে রান করার পরেও বাদ পড়ছেন তখন এর পেছনে অবশ্যই অন্য কোনও কারণ আছে। তাঁকে কেন নেওয়া হয়নি?"
যদিও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন সরকারের প্রাক্তন সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহসিন রাজা সমালোচকদের তীব্র ভর্ৎসনা করেছেন। তিনি ভারতীয় ক্রিকেটে দল নির্বাচনে রাজনৈতি বা সাম্প্রদায়িক রং না লাগানোর আহ্বান জানান। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "এটাকে নিয়ে রাজনীতি করার দরকার নেই। ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন এই তথাকথিত নেতারা। ভারতীয় দলে শামি খেলেন, সিরাজ খেলেন। ফলে এই ধরনের কথা বলাটা অন্যায়।"












Click it and Unblock the Notifications