দর্শক রোষ রুখতে নিরাপত্তার চাদরে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম
পাল্লেকালের গন্ডগোলের পর সতর্ক শ্রীলঙ্কা প্রশাসন, মাঠের নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে বাড়তি নিরাপত্তা
ভারতের লক্ষ্য একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা, অন্যদিকে শ্রীলঙ্কার লক্ষ্য যেভাবেই হক হোয়াইট ওয়াশের লজ্জা আটকানো। তবে এই মাঠের লড়াইকে ছাপিয়ে কলম্বোয় নিরাপত্তা ইস্যু এখন সবচেয়ে লাইম লাইটে।

পাল্লেকেলে গ্যালারি থেকে বোতল উড়ে আসার পরে কলম্বোয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে চতুর্থ এক দিনের ম্যাচের জন্য। গত রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে দর্শক রোষ এতটাই মারাত্মক আকার নিয়েছিল যে প্রায় আধঘন্টা খেলা বন্ধ রাখতে হয়েছিল।

ক্রিকেটারদের প্রতি ভক্তদের অসন্তোষ বাড়ছে দেখে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচ হারার পর গ্যালারি থেকে বোতল ছোঁড়া হয়েছিল। তার আগে একের পর এক হারে বিধ্বস্ত শ্রীলঙ্কা ক্রিকেট ভক্তরা টিমবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন।
লাসিথ মালিঙ্গা বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন। যেখানে অতিরিক্ত ১,০০০ পুলিশ মোতায়েন করা হচ্ছে। দর্শকদের প্রতি নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরাও ব্যবহার করা হবে। যদি কেউ বোতল ছোড়ার চেষ্টা করে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাল্লেকেলের মাঠে দর্শকদের বিক্ষোভ প্রদশর্নের জেরে ৩২ মিনিট খেলা বন্ধ ছিল। পুলিশকে আসরে নামতে হয়। তারা গ্যালারি ফাঁকা করার পরে খেলা শুরু হলেই ছয় উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।












Click it and Unblock the Notifications