Clive Lloyd: ইডেন নিয়ে নস্টালজিক লয়েড, কলকাতায় এসে সৌরভকে নিয়ে কী বললেন ক্যারিবিয়ান কিংবদন্তি?
শীতের কলকাতায় অতিথি ক্লাইভ লয়েড। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্ম দিবসে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে উপস্থিত থাকতে বুধবার সকালেই কলকাতায় এলেন বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বুধবার সন্ধ্যায় একটি চা প্রস্তুত কারক সংস্থার অফিসে যান কিংবদন্তি এই ক্রিকেট ব্যক্তিত্ব।
লয়েডের নেতৃত্বের ১৯৭৫ এবং ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ছাড়ার পর ম্যাচ রেফারির ভূমিকাও পালন করেছেন। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় এসেছিলেন শেষবার। প্রায় ৮ বছর পর আবার তিলোত্তমায় এলেন লয়েড। কলকাতায় এসেই ইডেন নিয়ে নস্টালজিক ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক। শনিবার ক্রিকেটের নন্দন কাননে যাবেন লয়েড। সেখানে সৌরভ-লয়েড সাক্ষাৎ হতেই পারে।

টেস্টে সর্বাধিক রানের নিরিখে চতুর্থ সেরা ইনিংসটি খেলেছেন ইডেনে। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ২৯০ বলে অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলেন। কলকাতায় এসে স্মৃতির সরণিতে লয়েড যেন ফিরে গেলেন সেই ম্যাচের দিনেই।
ইডেন ও কলকাতা প্রসঙ্গে লয়েড বলেন, 'কলকাতার মানুষ খুব ক্রীড়াপ্রেমী। সেটা ফুটবল হোক বা ক্রিকেটে। খেলাকে এখানে সবাই খুব ভালোবাসে। আমরা যখন ইডেন থেকে খেলে ফিরতাম। তখন রাস্তার দুই ধারে অনেক মানুষ আমাদের দেখার জন্য দাঁড়িয়ে থাকত। এটা থেকেই বোঝা যায় এখান মানুষের খেলার প্রতি আবেগ কতটা।'
একইসঙ্গে লয়েড বলেন, 'অনেক ক্রিকেটারের যাত্রাপথ শুরু হয়েছে এখান থেকেই। ভারত থেকেই অনেকে ক্রিকেট কেরিয়ার শুরু করেছেন।' কলকাতায় এসেছেন আর সৌরভের প্রসঙ্গ উঠবে না তা হয় নাকি। সৌরভ প্রসঙ্গে অবশ্য খুব বেশি মন্তব্য করলেন না ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। মহরাজের প্রসঙ্গে লয়েড বলেন, 'সৌরভ দারুন একজন ক্রিকেটার, সেইসঙ্গে ভালো অধিনায়কও।'
রোহিতদের ওডিআই পারফরম্যান্সকে বিরাট সার্টিফিকেটও দিলেন লয়েড। তাঁর কথায়, 'ভারতীয় ক্রিকেট দল একদিনের ক্রিকেটে একটা অন্য উচ্চতায় উঠছে। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করছে।' সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পারফরম্যান্স নিয়ে ব্যাথীত প্রাক্তন অধিনায়ক।
১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল দেবের ১৭৫ রানের ইনিংসের স্মৃতিতে এখনও আচ্ছন্ন লয়েড। তাঁর কথায়, 'ওটাই বিশ্বকাপের টার্নিং পয়েন্ট হয়েছিল। কপিল ১৭৫ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছিল খেলেছিল।' কলকাতায় সফরে এসে স্মৃতির ঝাঁপি খুললেন লয়েড।এক রাশ দুঃখ নিয়ে লয়েন বলেন, 'বিশ্বকাপ জেতার পর আমাদের দেশের ক্রিকেট বোর্ড আমাদের কোনও উপহারই দেয়নি। এটা খুবই হতাশার ছিল।'
আগামী শুক্রবার সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে মুখ্য অতিথি ক্লাইভ লয়েড। যার উদ্যেগে আট বছর পর কলকাতায় ক্লাইভ লয়েড এলেন সেই সুরজিৎ বক্সী জানিয়েছেন, 'আগামীকাল(বৃহস্পতিবার) লয়েড কলকাতায় থাকবেন। শুক্রবার তিনি যাবেন পূর্ব বর্ধমানের গ্রাম সাতগেছিয়া গ্রামে। সেখানে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের ৭৫তম বর্ষ উপলক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের মূল্যবান পরামর্শ দেবেন।'












Click it and Unblock the Notifications