IPL 2021: আইপিএল থেকে সরলেন ইংল্যান্ডের তিন তারকা, ভারতের উপর বিরাট ক্ষিপ্ত রুটবাহিনী
আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার টেস্টর দলে থাকা তিন ক্রিকেটার। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট যে ঘটনা পরম্পরায় বাতিল হয়ে তাতে রুটের দলের অনেকেই ক্ষিপ্ত। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, টেস্ট বাতিলের পরই আইপিএল থেকে সরে দাঁড়ানোর ভাবনাচিন্তা শুরু করেন ক্রিকেটাররা। ক্রিস ওকস, ডেভিড মালান ও জনি বেয়ারস্টো আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন না। তাঁরা টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজের কথা ভেবেই দেশের হয়ে খেলাকে প্রাধান্য দিলেন। এ কথা মুখে বললেও ম্যাঞ্চেস্টার টেস্টের ঘটনাপ্রবাহকেই এই সিদ্ধান্তের বড় কারণ বলে মনে করা হচ্ছে।

এই তিন তারকা ক্রিকেটার সরে দাঁড়ানোয় সমস্যা পড়ল দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। মালান খেলেন পাঞ্জাবে, ওকস দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে। জনি বেয়ারস্টো সরে দাঁড়ানোয় সানরাইজার্সের হয়ে ঋদ্ধিমান সাহার খেলার সম্ভাবনা যেমন উজ্জ্বল হল তেমনই ডেভিড ওয়ার্নারের প্রথম একাদশে থাকা নিয়েও আর সংশয় বিশেষ থাকছে না। ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকা মঈন আলি, স্যাম কারান-সহ ইংল্যান্ডের মোট ১০ ক্রিকেটার আইপিএলের দ্বিতীয়ার্ধে খেলবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা মনে করছেন যেহেতু সহকারী ফিজিও যোগেশ পারমার-সহ ভারতীয় দলের আর কেউ করোনা আক্রান্ত হননি, সেক্ষেত্রে এক বা দুই দিন বাদেও ম্যাঞ্চেস্টার টেস্ট শুরু করা যেত। কিন্তু আইপিএল থাকাতেই তা হয়নি। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের দাবি, বিসিসিআই টেস্ট ম্যাচ যাতে হয় সেই চেষ্টা করেছে, আইপিএলকে দায়ী করা ঠিক নয়। কিন্তু করোনা-ভীতির কারণে সিনিয়র ক্রিকেটাররাও সংক্রমণের ভয়ে টেস্ট খেলতে চাননি। যদিও ইংল্যান্ডের ক্রিকেটারদের দাবি, বৃহস্পতিবার যেদিন ভারতের অনুশীলন ও প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল হয় এবং ক্রিকেটারদের হোটেল রুমে থাকতে বলা হয়েছিল, তারপরও কয়েকজন ক্রিকেটারকে ম্যাঞ্চেস্টারে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ইংল্যান্ড দলকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়েছিল ভারতের সকলের করোনা নেগেটিভ, খেলা হবে। তবে কয়েকজন ক্রিকেটার খেলতে আগ্রহী নন। এরপর টেস্ট বাতিলে ভারতের উপর বিরাট ক্ষিপ্ত রুটবাহিনীর ক্রিকেটাররা। তখনই কয়েকজন ঠিক করেন তাঁরা আইপিএল খেলতে যাবেন না।

আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। বেন স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরেছেন মানসিক স্বাস্থ্যের কারণে। সন্তানের পিতা হওয়ায় স্ত্রীর পাশে থাকতে জস বাটলারও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আগেই। কিন্তু শেষ মুহূর্তে এই তিন ক্রিকেটারের মত বদলের কারণ যে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল তা নিয়ে সংশয় নেই। ইংল্যান্ডের যে ক্রিকেটারদের আইপিএলে দেখা যাবে তাঁরা হলেন মঈন আলি, স্যাম কারান, টম কারান, জর্জ গার্টন, ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডন, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়।












Click it and Unblock the Notifications