Cheteshwar Pujara: চেতেশ্বর টপকালেন বেঙ্গসরকারকে, টেস্টে সর্বাধিক রানের নিরিখে প্রথম আটে কোন ভারতীয়রা?
চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৮। এখনও অবধি দলের হয়ে সর্বাধিক রান করেছেন সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা। ১০ রানের জন্য হাতছাড়া করেছেন শতরান।

সাড়ে তিনশো যথেষ্ট
পূজারা ও শ্রেয়স আইয়ারের পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রান উঠেছে। এই জুটিই ভারতকে দিনের শেষে ভালো জায়গায় নিয়ে গিয়েছেন। দিনের শেষ বলে আউট হয়েছেন অক্ষর প্যাটেল। শ্রেয়স অপরাজিত রয়েছেন ৮২ রানে। তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়া পূজারা সাংবাদিকদের বলেছেন, আমাদের স্কোরবোর্ডে যা রান রয়েছে তা ভালোই। তবে চার উইকেটে এই রান তোলা গেলে আরও ভালো হতো। এই পিচে ৩৫০ রান পর্যাপ্ত হবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই স্পিনাররা বল ঘোরাচ্ছেন। আমাদের দলে তিনজন স্পিনার রয়েছেন।

কঠিন পিচ
একদিকে বল ঘুরছে। অন্যদিকে বাউন্সেরও তারতম্য রয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামের উইকেটে ব্যাট করা সহজ নয় বলেই উপলব্ধি পূজারার। ১২ রানের মাথায় পূজারার ক্যাচ ফেলেছিলেন বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান। যদিও দ্বিতীয় সেশনে পূজারা ও আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে কোনও উইকেট হারাতে হয়নি ভারতকে। পূজারা বলেন, ব্যাট করার পক্ষে এটা সহজ পিচ নয়। প্রথম কিংবা দ্বিতীয় ওভার থেকেই বাউন্সের তারতম্য দেখা যাচ্ছে। সেইমতো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, সব কিছুর সদ্ব্যবহার করতে হবে।
|
টপকালেন বেঙ্গসরকারকে
পূজারা এদিন শতরান পেলে সেটি হতো তাঁর ১৯তম টেস্ট শতরান। তবে এই ইনিংস নিশ্চিতভাবেই তাঁকে আত্মবিশ্বাসী করে তুলবে। এদিনের ইনিংসটি খেলার ফাঁকে তিনি টেস্টে রানের নিরিখে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারকে। টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত আটে রয়েছেন পূজারা। বেঙ্গসরকার ১১৬টি টেস্ট খেলে ৬,৮৬৮ রান করেছেন। পূজারা চট্টগ্রামে খেলছেন ৯৭তম টেস্ট। তাঁর মোট রান ৬,৮৮২। ১৮টি শতরান ও ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। পূজারার সামনে এখন সৌরভ গঙ্গোপাধ্যায়, টেস্টে তাঁর মোট ৭,২১২।

টেস্টে ভারতীয়দের রান
টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১৫,৯২১ রান রয়েছে সচিন তেন্ডুলকরের। সচিনের পর রয়েছেন রাহুল দ্রাবিড় (১৩,২৬৫)। এরপর যথাক্রমে রয়েছেন সুনীল গাভাসকর (১০,১২২), ভিভিএস লক্ষ্মণ (৮,৭৮১), বীরেন্দ্র শেহওয়াগ (৮,৫০৩), বিরাট কোহলি (৮,০৭৫), সৌরভ গঙ্গোপাধ্যায় (৭,২১২) এবং চেতেশ্বর পূজারা (৬,৮৮২)।












Click it and Unblock the Notifications