শততম টেস্টে আসুক শতরান, চেতেশ্বর পূজারার কাছে প্রত্যাশা সুনীল গাভাসকরের
চেতেশ্বর পূজারা দিল্লিতে কেরিয়ারের শততম টেস্ট খেলছেন। তাঁকে সংবর্ধিত করে সুনীল গাভাসকর প্রথম ভারতীয় হিসেবে কোন কীর্তি স্থাপনের আহ্বান জানালেন?
দিল্লিতে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টটি চেতেশ্বর পূজারার কেরিয়ারে শততম টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। শততম টেস্টটিও খেলছেন অজিদের বিরুদ্ধে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ খেলা শুরুর আগে সংবর্ধিত করা হলো পূজারাকে। তাঁর হাতে বিশেষ স্মারক টুপি তুলে দিলেন সুনীল গাভাসকর।

পূজারার শততম টেস্ট
পূজারার বর্ণময় কেরিয়ারের প্রশংসার ফাঁকে তাঁকে অন্যতম রোল মডেল হিসেবে অভিহিত করলেন গাভাসকর। ব্যাট নয়, পূজারা যেন দেশের পতাকা হাতে নিয়ে খেলতে নামেন, এমন উপলব্ধির কথাও জানালেন। ত্রয়োদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁকে শততম টেস্ট খেলা ক্রিকেটারদের ক্লাবে স্বাগত জানান সানি। সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। পূজারার বাবা, স্ত্রী ও কন্যাও উপস্থিত ছিলেন। সানির প্রত্যাশা পূরণ করে পূজারা যদি দিল্লি টেস্টে শতরান হাঁকাতে পারেন তাহলে তিনি প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়তে পারবেন। বিশ্বের ১০ জন ক্রিকেটার শততম টেস্টে শতরান করেছেন।
|
সানির হাতে সংবর্ধিত হয়ে আপ্লুত পূজারা
সুনীল গাভাসকরের কথায় উঠে এসেছে চেতেশ্বর পূজারার কঠোর পরিশ্রম, দৃঢ়চেতা মানসিকতার কথা। যার মাধ্যমে খারাপ সময় কাটিয়ে ওঠাও সম্ভব হয়েছে, ক্রিকেটে নিজের ফোকাস স্থির রেখেছেন। তাঁর প্রতিটি রান ভারতীয় দলকে সমৃদ্ধ করেছে, দেশের জন্য নিজের সবটা উজাড় করেছেন। তাঁর উইকেট পেতে রীতিমতো লড়াই করতে হয়েছে বোলারদের, পূজারাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এ সব কথাও উল্লেখ করেন সানি। চেতেশ্বর পূজারা বলেন, আপনার কাছ থেকে স্মারক পাওয়া অত্যন্ত সম্মানের। সানি ভাই আপনাকে ধন্যবাদ। আপনার মতো কিংবদন্তিরাই আমাকে অনুপ্রাণিত করেছেন। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তবে তখন ভাবিনি দেশের হয়ে ১০০টি টেস্ট খেলতে পারব।

টেস্ট ক্রিকেট সেরা ফরম্যাট
টেস্ট ক্রিকেটকেই সেরা ফরম্যাট হিসেবে তিনি যে মনে করেন সেটাও জানিয়েছেন পূজারা। তাঁর মতে, একজন ক্রিকেটারের টেম্পারামেন্টের আসল পরীক্ষা হয় টেস্ট ক্রিকেটেই। জীবনের সঙ্গেও টেস্ট ক্রিকেটের অনেক মিল রয়েছে। উঠতি ক্রিকেটারদের উদ্দেশে পূজারার বার্তা, কঠোর পরিশ্রম করতে হবে। দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবার, বন্ধুদেরও সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। ধন্যবাদ জানান, বিসিসিআই, সংবাদমাধ্যম এবং দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফদের।

শুভেচ্ছার বন্যা
ভারতীয় দলের ক্রিকেটাররাও পূজারাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন শততম টেস্ট খেলার আগে। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইও এই মাইলস্টোনের কথা জানিয়ে পূজারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, পূজারার শততম টেস্টের জন্য আমপা সকলেই রোমাঞ্চিত। তাঁর এবং তাঁর পরিবারের কাছে এটি একটি বড় মুহূর্ত। একশোটি টেস্ট খেলা সহজ ব্যাপার নয়। এত বছর ধরে পূজারা নিজের পরিকল্পনায় স্থির থেকে যেভাবে কেরিয়ার এগিয়ে নিয়ে গিয়েছেন তার প্রশংসা করেন রোহিত।












Click it and Unblock the Notifications