ওভাল টেস্টে ভারতের রণকৌশল ফাঁস করলেন পূজারা, পাঁচে জাদেজাকে দেখে অসন্তুষ্ট সানি
ওভাল টেস্টে কি লর্ডসের পুনরাবৃত্তি হতে চলেছে? আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে এই প্রশ্নটাই ঘুরপাক খেতে শুরু করেছে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ১৭১ রানে, হাতে সাত উইকেট। বিরাট কোহলি ৩৭ বলে ২২ ও রবীন্দ্র জাদেজা ৩৩ বলে ৯ রানে ক্রিজে রয়েছেন। কাল সকালে নতুন বল সামলে নিতে পারলেই ভারতের হাতেই পাকাপাকিভাবে চলে আসবে ম্যাচের রাশ। বিরাট কোহলি এখনও অবধি চারটি বাউন্ডারি মেরেছেন। ভারত বড় লিডের দিকে এগোতে পারছে ওপেনিং জুটিতে ৮৩ ও দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৩ রান ওঠায়। ওপেনার লোকেশ রাহুল করেছেন ৪৬। রোহিত শর্মা টেস্টে তিন হাজার রান পূর্ণ করে থেমেছেন ১২৭ রানে।
|
রোহিত-পূজারা জুড়লেন ১৫৩
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭০। সর্বাধিক রান করেছেন রোহিত শর্মা। বিদেশের মাটিতে নিজের প্রথম শতরান করার পর ১২৭ রান করে তিনি অলি রবিনসনের শিকার হন। তার আগে চেতেশ্বর পূজারার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৩ রান। ৩৫৩ মিনিট ক্রিজে থেকে ২৫৬ বল খেলেছেন রোহিত, ১৪টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। নতুন বল নেওয়ার পর ৮১তম ওভারে রোহিতকে প্রথম বলে আউট করার পর অলি রবিনসন এই ওভারের শেষ বলে চেতেশ্বর পূজারাকেও প্যাভিলিয়নে ফেরান। লিডসে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯১। এদিন পূজারা করলেন ৬১। ২০১ মিনিট ক্রিজে ছিলেন, ১২৭ বল খেলেছেন। পূজারার ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি।

ছন্দে পূজারা
এদিন ম্যাচের ৪৫তম ওভারে গোড়ালিতে চোট পেয়েছিলেন পূজারা। রান নিতে গিয়ে এই চোট লেগেছিল। যন্ত্রণাকাতর অবস্থাতেও মাঠ ছাড়েননি। মাঠেই শুশ্রূষা নিয়ে ফের খেলতে থাকেন। ৯০তম টেস্টে এদিন তিনি ৩১তম অর্ধশতরান পেলেন। ম্যাচের শেষে পূজারা বলেন, প্রথম না দ্বিতীয় ইনিংস কোনটাতে রান করছি সেটা বড় কথা নয়। আমার মনে হয় ফুটওয়ার্ক আগের চেয়ে ভালো হয়েছে। ভালো মনঃসংযোগ করতে পারছি। ছন্দ ফিরে পেয়েছি। আর একটি টেস্ট বাকি রয়েছে। সেটিতেও বড় রান করতে চাই। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই ইনিংসে করেছিলেন ৮ ও ১৫। কউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২১ ও ৩৮। তবে প্রথম দুটি টেস্টে তাঁর কম রান দলে থাকা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিল। ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে তাঁর রান ছিল যথাক্রমে ৪, অপরাজিত ১২, ৯ ও ৪৫। লিডসে প্রথম ইনিংসে ১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে সর্বাধিক ৯১ রান করেন। এই ইনিংসই তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস, যা তাঁকে অক্সিজেন দেয়।

রোহিতের প্রশংসা
চেতেশ্বর পূজারা রোহিত শর্মার প্রশংসাও করেছেন। তিনি বলেন, রোহিত অনেকগুলি ভালো ইনিংস খেলেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু সেগুলি শতরানে পরিণত হচ্ছিল না। আজ যে শটগুলি তিনি খেলেছেন, যেভাবে নিজের ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন তা উইকেটের অপর প্রান্তে দেখে ভালো লেগেছে। ভারতের এই বড় রানের ভিত যে ওপেনাররাই গড়েছিলেন সে কথা মনে করিয়ে পূজারা বলেন, ওপেনিং জুটিই আমাদের সুবিধা করে দেয়। ব্যাট করতে নেমে রোহিতের সঙ্গে কথা বলি। উইকেট ব্যাটিং সহায়কই ছিল। কোনও সমস্যা হচ্ছিল না। তাই দ্বিতীয় সেশনে একটিও উইকেট পড়েনি, পার্টনারশিপ গড়ায় জোর দিই।
|
কত লিড যথেষ্ট?
এই উইকেটে কত রান ভারতের জন্য যথেষ্ট হবে এই প্রশ্নের উত্তরে পূজারা বলেন, মনে হচ্ছে আড়াইশো রানের লিডই যথেষ্ট। তবে বিরাট কোহলি-সহ বাকিরা যখন রয়েছেন তখন তিনশো থেকে সাড়ে তিনশো রানের লিড আশা করা যাচ্ছে। যদিও পাঁচে রবীন্দ্র জাদেজাকে মানতে পারছেন না সুনীল গাভাসকর। তিনি বলেন, এতে বোঝা যাচ্ছে প্রথম ইনিংসে ইচ্ছা করেই অজিঙ্ক রাহানের আগে জাদেজাকে পাঠানো হয়েছিল। মনে হচ্ছে নিয়ম সকলের জন্য সমান নয়। এমনটা চললে তা যে রাহানের আত্নবিশ্বাসে চিড় ধরানোর পক্ষে যথেষ্ট সেটাও জানাতে ভোলেননি সানি।












Click it and Unblock the Notifications