ব্যর্থ পূজারা, চা বিরতি’র আগে সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া
খারাপ ফর্ম অব্যহত চেতেশ্বর পূজারা'র। সেঞ্চুরিয়ান টেস্টে প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় টেস্ট ব্যাটিং লাইনআপে'র অন্যতম ভরসা পূজারা। লুঙ্গি এনগিডি'র বলে কিগান পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে ডাগআউটে হাঁটা লাগান তিনি।

এই নিয়ে দ্বিতীয় বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক-এ আউট হলেন পূজারা। শেষ বার ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে এই সেঞ্চুরিয়ানের মাঠেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন পূজারা। এ বারও সেই সেঞ্চুরিয়ান-ই খালি হাতে ফেরাল তাঁকে। ২০১৭-১৮ সফর এবং চলতি সফরে সেঞ্চুরিয়ানে পূজারার রানের মধ্যে যেমন মিল রয়েছে, তেমনই মিল রয়েছে তাঁকে আউট করার কারিগরেরও। গতবার লুঙ্গি এনগিডি রান আউট করেছিলেন পূজারা'কে। এ বার সরাসরি বল হাতে পূজারা'র উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান না পাওয়ায় পূজারা'কে নিয়ে বিভিন্ন মিম শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু করেছেন বেশ কিছু সমর্থক।
পূজারা রানের খাতা খুলতে না পারলেও এর প্রভাব পড়েনি ভারতের ইনিংসে। লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগারওয়ালের ১১৭ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে বিদেশের মাঠে শুরুটা ভালই করেছে টিম ইন্ডিয়া। ময়াঙ্ক আগারওয়াল ৬০ রানে আউট হন। চা বিরতির আগে ভারতের রান ১৫৭/২ । ১৬৫ বলে ৬৭ রান করে ক্রিজে অপরাজিত রয়েছে ওপেনার লোকেশ রাহুল। তাঁর ভারতীয় ইনিংস'কে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। দল নেতা কোহলি ১৯ রানে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার দু'টি উইকেটই নিয়েছেন লুঙ্গি এনগিডি। পর পর দুই বলে ময়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা'র উইকেট তুলে নিয়েছেন এনগিডি।












Click it and Unblock the Notifications