Cheteshwar Pujara: ইংল্যান্ড সিরিজই পাখির চোখ, জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন পূজারা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াটাইওয়াশের পর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক ফল করেছে ভারতীয় দল। এরফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেও ব্যর্থ হয়েছে ভারত। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত চেতেশ্বর পূজারা।
টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভে (রেভস্পোর্টজ আয়োজিত) ভারতীয় দলের এই ক্রিকেটার জানিয়েছেন তিনি টেস্টে দলে সুযোগ পেলে খেলার জন্য প্রস্তুত আছে। ঘরোয়া ক্রিকেটে খেলার মধ্যেই আছেন। ফলে লাল বলে জাতীয় খেলার সুযোগ পেলে তিনি সেটা লুফে নেবেন সেটা জানাতে ভুল করলেন না সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ইংল্যান্ড সফরে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে পূজারা বলেন, আমি বলব না যে আমাদের সুযোগ নেই। আমাদের বোলিং ভালো আছে। আমাদের রানের উপর জোর দিতে হবে। আমাদের ব্যাটারদের আরও রান করতে হবে। স্কোর বোর্ডে ভালো রান না থাকলে টেস্ট জেতা কঠিন হয়। বোলিং কম্বিনেশনকে ভালো করে সাজাতে হবে।
শেষ বর্ডার -গাভাসকর ট্রফিতে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। সেই সিরিজ প্রসঙ্গে পূজারা বলেন, টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সবচেয়ে কঠিন দল। ভারতীয় সদল কখনই অস্ট্রেলিয়ার কাছে হারতে পছন্দ করে না। ২০১৮ সালের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়টা আমাদের বিশ্বকাপ জয়ের মতো ছিল। এটা ছিল আমার টেস্ট কেরিয়ারের সবথেকে বড় সাফল্য। ২০২০-২১ সালেও, যখন আমরা ইতিহাসের পুনরাবৃত্তি করেছিলাম।
নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমিফাইনালও দুবাইতে খেলেছে, আগামী রবিবার ফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে ভারত। একই মাঠে খেলার সুবিধা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যদিও ভারতের সুবিধার কথা মানতে নারাজ পূজারা।
পূজারা বলেছেন, আমার মনে হয় না ভারত কোনও অতিরিক্ত সুবিধা পাচ্ছে। নিরাপত্তার কারণে ভারত পাকিস্তানে যেতে না পারায় প্রতিযোগিতাটি হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগেই সূচি প্রকাশ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications