IPL 2021: পৃথ্বী-পন্থের হাফ সেঞ্চুরি! দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ফাইনালে যেতে সিএসকে-র দরকার ১৭৩
আইপিএলের ফাইনালে উঠতে চেন্নাই সুপার কিংসের টার্গেট ১৭৩ রান। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বাধিক ৬০ রান পৃথ্বী শ-র। অধিনায়ক ঋষভ পন্থ অপরাজিত থাকেন ৩৫ বলে ৫১ রানে। তিনটি চার ও দুটি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।

এদিন টস জিতে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান। ধোনি বলেছিলেন, এই উইকেটে খেলা কঠিন, তবে জোরে বোলাররা প্রথম দিকে সাহায্য পাবেন উইকেট থেকে। কিন্তু সেই ধারণা পুরো সঠিক ছিল না। দীপক চাহারের প্রথম ওভারে আসে তিন রান। কিন্তু পৃথ্বী শ মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করায় দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড দেন ১২ রান। পরের ওভারেই চাহারকে তুলোধনা করেন পৃথ্বী, এক ওভারে চারটি বাউন্ডারি মারেন, এই ওভারে আসে ১৭। ফলে তিন ওভারে ৩২ রানে পৌঁছে যান দিল্লি ক্যাপিটালস, যার মধ্যে ১৩ বলে ২৯ রানই পৃথ্বীর। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে জশ হ্যাজলউড আউট করেন শিখর ধাওয়ানকে। ৭ রান করে তিনি কট বিহাইন্ড হন, এই ওভারে আসে চার রান। পঞ্চম ওভারে ধোনি শার্দুল ঠাকুরকে আক্রমণে আনেন। এই ওভারে পৃথ্বী শ দুটি ছক্কা মারেন, এই ওভারে ওঠে ১৪। ৫ ওভারে দিল্লি ক্যাপিটালসের রান দাঁড়ায় ১ উইকেটে ৫০। পাওয়ারপ্লে-র শেষ ওভার তথা ষষ্ঠ ওভারের তৃতীয় বলে হ্যাজলউড ফেরান শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স করেন এক, এই ওভারেও দিল্লি এক রানই তুলতে পারে। ফলে ৬ ওভারে দিল্লি ক্যাপিটালসের রান দাঁড়ায় ২ উইকেটে ৫১।

এরই মধ্যে ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন পৃথ্বী শ। ম্যাচের দশম ওভারের চতুর্থ বলে চারে নামা অক্ষর প্যাটেল মঈন আলির বলে ১০ রান করে আউট হন। ১১তম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বীকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬০ রান করেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। ৮০ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ার পর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋষভ পন্থ ও শিমরন হেটমায়ার। ১৩.২ ওভারে ১০০ রান পূর্ণ হয় দিল্লি ক্যাপিটালসের। ১৫ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল চার উইকেটে ১১৪। ১৭.৩ ওভারে দেড়শো রান হয় দিল্লি ক্যাপিটালসের। ১৯তম ওভারের চতুর্থ বলে হেটমায়ার ও পন্থের জুটি ভাঙেন ডোয়েইন ব্র্যাভো। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে হেটমায়ার ২৪ বলে ৩৭ রান করেন। পন্থ ও হেটমায়ার যোগ করেন ৮৩ রান।

শার্দুল ঠাকুর ২ ওভারে দিয়েছিলেন ২৮ রান। শেষ ওভারে তাঁকেই আক্রমণে আনেন সিএসকে অধিনায়ক। প্রথম তিনটি বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে পন্থ একটি বাউন্ডারি মারেন। পঞ্চম বলে হয় ২ রান। শেষ বলে ২ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের সফলতম বোলার জশ হ্যাজলউড ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন। মঈন আলি চার ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করে একটি উইকেট পান। শার্দুল ঠাকুর ৩ ওভারে দেন ৩৬ রান, দীপক চাহার ৩ ওভারে ২৬, কেউই উইকেট পাননি। ব্র্যাভো এক উইকেট পেলেও ৩ ওভারে ৩১ রান খরচ করেন।












Click it and Unblock the Notifications