IPL 2021 : নেট কাঁপালেন 'থালা' ধোনি, মাদ্রাজ দিবসে ঋতুরাজ-উথাপ্পাদের তামিল শুভেচ্ছা
IPL 2021 : নেট কাঁপালেন 'থালা' ধোনি, মাদ্রাজ ডের প্রেক্ষাপটে উথাপ্পা-রায়নাদের তামিল শুভেচ্ছা
দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের আইপিএল প্রস্তুতি চলছে জোর কদমে। আইসিসি আকাদেমিতে অনুশীলনরত এমএস ধোনিদের ছবি এর আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার রেশ বজায় রেখে রবিবারও নেটে অধিনায়কের ব্যাট ঘোরানোর ছবি পোস্ট করল সিএসকে। একই সঙ্গে আনন্দের আবহে মাদ্রাস দিবসও পালন করলেন রবিন উথাপ্পা, সুরেশ রায়নারা। ফ্যানদের তামিল শুভেচ্ছা জানালেন ঋতুরাজ গায়েকোয়াড়রা।

ছক্কা হাঁকাচ্ছেন ধোনি
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। যেখানে অধিনায়ক এমএস ধোনিকে আরও একবার নেট কাঁপাতে দেখা গিয়েছে। পরিচিত ঢঙে ছক্কা হাঁকানোর পাশাপাশি পছন্দের কাট মারতেও দেখা গিয়েছে থালাকে। হাততালি দিয়ে অধিনায়ককে অভিবাদন জানাতে দেখা গিয়েছে নেটের পিছনে দাঁড়িয়ে থাকা আম্বাতি রায়ডু, সুরেশ রায়নাদের। উল্লেখ্য আইপিএল ২০২১-এর অবশিষ্ট অংশের প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য সপ্তাহ খানেক আগেই দুবাই পৌঁছে যায় সিএসকে ক্রিকেটাররা। আইসিসি আকাদেমিতে চলছে এমএস ধোনিদের নিবিড় অনুশীলন।
|
মাদ্রাজ দিবসের শুভেচ্ছা
চলতি মরসুমের আইপিএলের অবশিষ্ট অংশ শুরু হতে আর একমাসও বাকি নেই। টুর্নামেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দিতে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। দুবাইয়ের আইসিসি আকাদেমির মাঠে মেন ইন ইয়ালোর অনুশীলন চলছে। তারই ফাঁকে আনন্দ সহকারে মাদ্রাজ দিবসও পালন করলেন সুরেশ রায়না। ফ্যানদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন করণ শর্মা সহ সিএসকের বাকি সদস্যরা। তামিল ভাষায় কথা বলে ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছেন রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়েকোয়াড়রা। টেস্ট খেলতে ইংল্যান্ডে থাকা রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা ছাড়া সিএসকের বাকি সদস্য দুবাইতেই রয়েছেন।
|
আমিরশাহীতে দিল্লি ও মুম্বই
অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আবু ধাবিতে টুর্নামেন্টের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ইশান কিষাণরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেও দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহের মতো তারকারা। অন্যদিকে আইপিএলের প্রস্তুতি শুরু করতে দুবাই পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অমিত মিশ্রদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, উমেশ যাদব ইংল্যান্ডের জাতীয় শিবিরে থাকায় তাঁরা দলের সঙ্গে পরে যোগ দেবেন।

সেপ্টেম্বরে শুরু আইপিএল
করোনা ভাইরাসের আবহেই গত এপ্রিলে ভারতে শুরু হওয়া আইপিএল অতিমাারীর জেরে স্থগিত করে দেওয়া হয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ম্যাচগুলি শেষ করার সুযোগ পেয়েছে বিসিসিআই। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা। ১৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য ২০২০ সালের গোটা আইপিএল টুর্নামেন্ট আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সেই সফল অভিজ্ঞতা এবারও কাজে লাগাতে বদ্ধপরিকর বিসিসিআই।












Click it and Unblock the Notifications