IPL 2021: আইপিএলে ফের আরসিবিকে হারাল চেন্নাই সুপার কিংস! কী বললেন বিরাট ও ধোনি?
আইপিএলের দ্বিতীয়ার্ধে টানা দ্বিতীয় ম্যাচ হারল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে বিরাট কোহলির দলকে এই নিয়ে দ্বিতীয়বার হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল চেন্নাই সুপার কিংস। শারজায় ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল। আর একটি ম্যাচ জিতলেই সিএসকের জায়গা পাকা হয়ে যাবে আইপিএলের শেষ চারে।

The Fafulous Route to Powerplay 💪🏻#RCBvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4GlLGEfVoD
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 24, 2021
জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারই ভালো শুরু করেন। ৮.২ ওভারে ওপেনিং জুটি যুজবেন্দ্র চাহাল ভাঙেন, ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে অন্যতম সেরা ক্যাচের মধ্যে এটিকে ধরা হচ্ছে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ঋতুরাজ ২৬ বলে ৩৮ রান করে আউট হন। ৯.১ ওভারে ফাফ দু প্লেসিকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক করেন ২৬ বলে ৩১। ১৪তম ওভারের শেষ বলে মঈন আলির উইকেট তুলে নেন হর্ষল প্যাটেল। দুটি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৩ রান করে প্যাটেলের স্লো বলে ঠকে তিনি বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। হর্ষল প্যাটেলই আউট করেন অম্বাতি রায়ুডুকে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে রায়ুডু করেন ২২ বলে ৩২। তিনি যখন আউট হন তখন সিএসকে-র স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ৪ উইকেটে ১৩৩। এরপর দলকে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি।
The FINISH and the Chinna Moment!😍#RCBvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/IxwLyC2ljT
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 24, 2021
সুরেশ রায়না ১০ বলে ১৭ ও মহেন্দ্র সিং ধোনি ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন। হর্ষল প্যাটেল নেন ২ উইকেট। যুজবেন্দ্র চাহাল ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট দখল করেন। সচিন বেবির বদলে সুযোগ পাওয়া নভদীপ সাইনি ২ ওভারে ২৫ রান খরচ করেন। সিরাজ ৩ ওভারে ২৩, ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৪০ রান দিয়েও কোনও উইকেট পাননি। ম্যাচে হারের পর বিরাট কোহলি বলেন, উইকেট একটু পরের দিকে স্লো হলেও আমাদের আরও ১৫-২০ রান তোলা উচিত ছিল। ১৭৫ রান তুললে এই উইকেটে জেতা যেত। বোলিংয়েও চেন্নাই সুপার কিংস যে ধারাবাহিকতা দেখিয়েছে সেটা আমরা দেখাতে পারিনি। অনেক বেশি বাউন্ডারি মারার মতো বল দেওয়া হয়েছে। উইকেট থেকে যে সুবিধা আদায় করা যেত তা কেন হল না তা নিয়ে আমরা পর্যালোচনা করব। আগের ম্যাচে ভালো খেলিনি, হেরে গিয়েছিলাম। কিন্তু এই ম্যাচে ভালো শুরুর পরও ম্যাচ হারতে হওয়ায় একটু বেশি হতাশা থাকছেই। তবে পরের ম্যাচ থেকেই আমরা জয়ের রাস্তায় ফিরতে সবরকম চেষ্টা করব। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিরাটরা তিনেই রইলেন।

এর আগে, টস জিতে বিরাটদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ধোনি। ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেললেও পরের ১০ ওভারে ৬৬-র বেশি রান তুলতে পারেনি আরসিবি, হারায় ৬টি উইকেট। যেভাবে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কলের ওপেনিং জুটিতে ১৩.২ ওভারে ১১১ রান উঠেছিল সেখান থেকে ৬ উইকেটে ১৫৬ রান নেহাতই কম। শেষের দিকে দীপক চাহার, শার্দুল ঠাকুর ও ডোয়েইন ব্র্যাভোর অনবদ্য বোলিংই বড় রান তুলতে দেয়নি আরসিবিকে। সর্বাধিক ৭০ রান পাড়িক্কলের। বিরাট করেন ৫৩। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ব্র্যাভো। ব্র্যাভোই হয়েছেন ম্যাচের সেরা। ধোনি বলেন, ব্র্যাভো ফিট হওয়া আমাদের খুব সুবিধা হয়েছে। স্লো বোলিংয়ের জন্য ব্র্যাভো পরিচিত হলেও ব্যাটসম্যানদের বোকা বানাতে বেশ কিছু বৈচিত্র্য আনছেন তিনি। এদিন মঈন আলিকে দিয়ে বল করাননি ধোনি। এমনকী আরসিবির ভালো শুরুর পর টস জিতে ফিল্ডিং নেওয়ার বিষয়েও চিন্তায় পড়েননি ক্যাপ্টেন কুল। তিনি বলেন, ডিউ ফ্যাক্টরের কথা ভেবেই রান তাড়া করার সিদ্ধান্ত নিই। ৯ ওভারের পর পিচ কিছুটা স্লো হয়। তখন জাদেজার স্পেল খুব গুরুত্বপূর্ণ ছিল। বাকি পেসাররাও পরের দিকে ভালো বোলিং করেন। মঈনকে আক্রমণে আনার কথা ভাবলেও ম্যাচের পরিস্থিতি বুঝে আর তাঁকে দিয়ে বল করাইনি। দলের টপ অর্ডার ব্যাটিং নিয়েও স্বস্তিতে ধোনি। টানা ৫ ম্যাচ জেতা নিয়ে ধোনি বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সকলেই নিজেদের দায়িত্ব পালন করছেন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন যতটা ব্যাটিং অর্ডারে বজায় রাখা যায় সেটাই চেষ্টা করছি। এতে সকলে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও আমাদের ব্যাটিং গভীরতা ভালোই রয়েছে।












Click it and Unblock the Notifications