IPL 2021: নায়ক জাদেজা-শার্দুল! কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে লক্ষ্যপূরণ সিএসকে-র

নাটকীয় শেষ ওভার। বলা ভালো শেষ দুটি নাটকীয় ওভার। আর তাতেই আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সকে শেষ বলে ২ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। চাপের মুখে শেষ বলে জয়সূচক শটটি মারেন দীপক চাহার। চলতি আইপিএলে কেকেআরকে দুবার হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ফের দখল করল চেন্নাই সুপার কিংস।

রুদ্ধশ্বাস জয় সিএসকে-র

৬ বলের মধ্যে ৩ রানের ব্যবধানে ফিরেছিলেন মঈন আলি, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স যখন ডেথ ওভারের এই সাফল্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে তখন ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণকে ক্লাবস্তরে নামিয়ে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রবীন্দ্র জাদেজা। ২টি ছয়ের পর ২টি চার মেরে এক ওভারে ২২ রান নিলেন। ফলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য প্রয়োজন হয়ে পড়ে ৪ রান। শেষ ওভারের প্রথম বলে স্যাম কারানকে আউট করেন সুনীল নারিন। কারান করেন ৪। পরের বলটিতে কোনও রান না হলেও তৃতীয় বলে তিন রান নিয়ে নেন শার্দুল 'লর্ড' ঠাকুর। চতুর্থ বলে রান নিতে পারেননি 'স্যর' জাদেজা। পঞ্চম বলে তিনি লেগ বিফোর হন। ৮ বলে ২২ রান করে আউট হন তিনি। শেষ বলে প্রয়োজনীয় এক রান নিয়ে চেন্নাই শিবিরে স্বস্তি এনে দেন দীপক চাহার।

শেষ দুই ওভারে পালাবদল

ম্যাচের শেষে সুনীল নারিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট। প্রথম তিন ওভারে নারিন দিয়েছিলেন ৩৭, শেষ ওভারে চার রানের পুঁজি নিয়েও প্রায় জিতিয়ে দিচ্ছিলেন কেকেআরকে। যদিও নাইটদের ভাগ্যের লিখন ঠিক হয়ে যায় ১৯তম ওভারেই। এই ওভারের আগে প্রসিদ্ধ কৃষ্ণ তিন ওভারে মাত্র ১৮ রান দিয়েছিলেন। নিজের শেষ ওভারে দিলেন ২২! ফলে চার ওভারে ৪১ রানের বিনিময়ে কৃষ্ণ পেলেন ২ উইকেট। কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান দলের ইতিবাচক খেলায় খুশি, আজকের ম্যাচে তিনি দলের কোনও খুঁত খুঁজে পাননি। তাঁর কথায়, জাদেজা বা কারান যখন দেশের হয়েও এমন খেলেন তখন কারও কিছু করার থাকে না। নারিন শেষ ওভারটা করতে চেয়েছিলেন। তবে ফিল্ডিং করতে গিয়ে আন্দ্রে রাসেল চোট পাওয়ায় ডেথ ওভারে তাঁর বোলিং যে দল মিস করেছে তা বুঝিয়ে দিয়েছেন মর্গ্যান।

ভালো শুরু চেন্নাইয়ের

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার। ওপেনিং জুটিতে ওঠে ৭৪ রান। নবম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে স্টেপ আউট করে ছক্কা মারার পরের বলটিই ঠিকভাবে সামলাতে না পেরে ইয়ন মর্গ্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪০ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর মঈন আলিকে সঙ্গে নিয়ে ১০.৫ ওভারে চেন্নাই সুপার কিংসের ১০০ রান পূর্ণ করিয়ে দেন ফাফ দু প্লেসি। ১১.৩ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সাতটি চারের সাহায্যে তিনি করেন ৩০ বলে ৪৪ রান। ১৪.২ ওভারে দলের ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সিএসকে। সুনীল নারিনের বলে বোল্ড হওয়ার আগে ৯ রান করেন অম্বাতি রায়ুডু।

ডেথ ওভার জমজমাট

এদিন ডেথ ওভারে মর্গ্যান ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বল করান। ১৬তম ওভারে বল করতে এসে তিনি মাত্র ৫ রান খরচ করায় শেষ চার ওভারে সিএসকের জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। ১৭তম ওভারের চতুর্থ বলে মঈন আলিকে ফেরান লকি ফার্গুসন। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধরেন আইয়ার। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩২ রান করেন মঈন। ঠিক তার আগেই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে গিয়ে চোট পান আন্দ্রে রাসেল। সে কারণে তাঁকে আর ডেথ ওভারে ব্যবহার করতে পারেননি মর্গ্যান। শেষ তিন ওভারে সিএসকের জেতার জন্য ৩১ রান দরকার ছিল। ১৮তম ওভারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে ব্যক্তিগত ১১ রানে রান আউট হন সুরেশ রায়না। সিএসকে-র পঞ্চম উইকেট পড়ে ১৪২ রানের মাথায়। কোনও রান যোগ হওয়ার আগেই এই ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীর গুগলিতে ঠকে বোল্ড হন মহেন্দ্র সিং ধোনি। ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি সিএসকে অধিনায়ক। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ধোনির উইকেটটি তুলে নেন গুরুত্বপূর্ণ সময়ে। ১৮তম ওভারে তিনি মাত্র ৫ রান খরচ করেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তোলে। সর্বাধিক ৪৫ রান করেন রাহুল ত্রিপাঠি। নীতীশ রানা অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করে। ১১ বলে ২৬ রান করেন দীনেশ কার্তিক। শার্দুল ঠাকুর ও জশ হ্যাজলউড নেন দুটি করে উইকেট।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+