আইপিএল অভিযানের আগে শিবিরে ধোনিরা, সংযুক্ত আরব আমিরশাহীতে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তার আগে আজই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। নিভৃতবাসের নিয়ম মেনে দুই দলই এরপর মাসখানেকের শিবিরে আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি সারবে।
|
আবু ধাবিতে মুম্বই
আজ প্রথমে আবু ধাবির উদ্দেশ্যে রওনা দেয় মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলে আইপিএল শুরুর আগে পৌঁছে যাবেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনয় কুমারকে পার্থিব প্যাটেলের সঙ্গে সম্প্রতি ট্যালেন্ট স্কাউট হিসেবে নিযুক্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন বিনয় কুমারের ছবি পোস্ট করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে।
|
সিএসকে দুবাইয়ে
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস রওনা দিল দুবাইয়ের উদ্দেশ্যে। অধিনায়ক ধোনির পাশাপাশি টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ছবি পোস্ট করা হয়েছে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে দলের হোটেলে উঠেছিলেন। সেখানে থাকাকালীন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজও সেরেছেন। আজ সুরেশ রায়না-সহ সতীর্থদের নিয়ে তিনি উড়ে গেলেন দুবাই। একে একে সেখানে শিবিরে যোগ দেবেন কোচ ও বাকি ক্রিকেটাররা। চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মঈন আলিরা ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজের পর দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন আইপিএল শুরুর আগে।
|
ধোনিদের প্রতিপক্ষ
রবিবার ১৯ সেপ্টেম্বর আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হচ্ছে। প্রথম দিনই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এরপর শুক্রবার ২৪ সেপ্টেম্বর সিএসকে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। রবিবার ২৬ সেপ্টেম্বর রয়েছে সিএসকে-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ধোনিদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ২ অক্টোবর চেন্নাই সুপার কিংস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সোমবার ২ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সিএসকে। বৃহস্পতিবার ৭ অক্টোবর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে।
|
রোহিতদের সামনে
অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ম্যাচ ২৯ সেপ্টেম্বর খেলার পর বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর রোহিত শর্মাদের সামনে কলকাতা নাইট রাইডার্স। রবিবার ২৬ সেপ্টেম্বর আরসিবি-র বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর আইপিএলের সফলতম দলের সামনে পাঞ্জাব কিংস। শনিবার ২ অক্টোবর ডাবল হেডারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মার দল। এরপর মঙ্গলবার ৫ অক্টোবর মুম্বই ইন্ডিয়ান্সের সামনে রাজস্থান রয়্যালস। শুক্রবার ৮ অক্টোবর ফের দিনে ম্যাচ রোহিতদের, লিগ পর্যায়ের শেষ ম্যাচে সামনে সানরাইজার্স হায়দরাবাদ।
(ছবি- সিএসকে টুইটার)












Click it and Unblock the Notifications