IPL 2024: প্রকাশ্যে এল আইপিএল ফাইনালের দিন, প্লে-অফের ভেন্যু চূড়ান্ত করে ফেলল বিসিসিআই, তালিকায় আছে ইডেন?
লোকসভা ভোটের আবহে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। প্রাথমিকভাবে ১৫ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখেই বাকি সূচিও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করে দেওয়া হবে। এরইমধ্যে প্রকাশ্যে এল আইপিএল প্লে অফের ভেন্যু ও ফাইনালের দিনক্ষণ।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৬ মে।চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বসতে চলেছে ফাইনাল ম্যাচের আসর। টুর্নামেন্টের একটি কোয়ালিফায়ার ম্যাচও অনুষ্ঠিত হবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। আইপিএলের একটি কোয়ালিফায়ার হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই সঙ্গে আর একটি এলিমিনেটরের ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আইপিএল গভর্নিং কাউন্সিল গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম ভেন্যুতে উদ্বোধনী খেলা এবং ফাইনাল অনুষ্ঠিত করার ঐতিহ্য অনুসরণ করেছে - এই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের মাঠে যেমন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তেমনই ফাইনাল ম্যাচও হবে।
মহেন্দ্র সিং ধোনি সম্ভবত তাঁর শেষ আইপিএল খেলছেন, চেন্নাইতে নকআউটের একটি ম্যাচ ও ফাইনাল খেলা সমস্ত 'থালা' ভক্তদের জন্য এক দারুণ সুখবর। সাধারণ নির্বাচনের তারিখ মাথায় রেখে বিসিসিআই আইপিএলের বাকি সময়সূচি চূড়ান্ত করেছে এবং শীঘ্রই প্রকাশ করা হবে। আইপিএল আয়োজকরা মাসের প্রথম ২১টি ম্যাচ এবং ১৫ দিনের সময়সূচী প্রকাশ করেছে।
শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের মাধ্যমে আইপিএলের সূচনা হয়েছে। সেদিন চেন্নাইয়ে ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে আইপিএলের বাকি অংশের সূচিও পাশ হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়েও দেওয়া হয়েছে।
কিন্তু সূচি প্রকাশ হতে দেরি হচ্ছে কেন? জানা গিয়েছে, একাধিক ছোট শহরেও হবে আইপিএলের ম্যাচ। সূচি প্রকাশিত হয়ে গেলেই সেই সমস্ত শহরের প্রায় সব হোটেল বুকিং করতে শুরু করে দেবেন ক্রিকেটপ্রেমীরা। সেক্ষেত্রে হোটেল পেতে সমস্যা হবে আইপিএলের বিভিন্ন দল ও আয়োজকদের। সেই কারণে আগে দল ও আয়োজকদের জন্য প্রয়োজনীয় হোটেল ঘরের বন্দোবস্ত করে তবে সূচি জানানো হবে।












Click it and Unblock the Notifications