Champions Trophy: বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন, পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানো নিয়ে কী বললেন ইউসুফ পাঠান?
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান যেন কিছুতেই হচ্ছে না। একটির পর একটি দিন চলে গেলেও এই টুর্নামেন্ট কখন-কোথায় হবে সেটা নিয়ে অনিশ্চয়তার অবসান হচ্ছে না। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে পাঠানো সম্ভব নয়, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিও হবে হাইব্রিড মডেলে।
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পিসিবির মধ্যে শর্ত পাল্টা শর্ত দেওয়া নেওয়া চলছে, এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তিনি বিসিসিআইয়ের দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়াঘার ওপারে। একইসঙ্গে জানাতে ভুল করেননি ভারতীয় বোর্ড সব সময়ই ক্রিকেটারদের স্বার্থে সিদ্ধান্ত নেয়।

বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিয়েও পাল্টা শর্ত চাপাচ্ছে ভারতের উপর। পিসিবির শর্ত আইসিসি বা বিসিসিআই মানতে নারাজ। বিসিসিআই এবং পিসিবির শর্ত এবং পাল্টা শর্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট অব্যাহত।
এই পরিস্থিতিতে শনিবার বোর্ড মিটিং ডেকেছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ। ফলে সব নজর এখন শনিবারের দিকে, আজই সূচি ঘোষণা হতে পারে। সম্প্রচারকারী সংস্থার চাপ আছে আইসিসির উপর কারণ এখনও সূচি ঘোষণা না হওয়ায় তারা প্রচার শুরু করতে পারছেন না।
আইসিসির এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, বেশিরভাগ সদস্য দেশগুলিই হাইব্রিড মডেলের পক্ষে আছেন, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে যৌথভাবে আয়োজিত হবে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে। পাকিস্তানের দাবি আংশিকভাবে মেনে নিচ্ছে আইসিসি বিসিসিআই। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলেও পাকিস্তানের যাতে বেশি ক্ষতি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।
পাকিস্তান চাইছিল ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলি আছে সেগুলি হাইব্রিড মডেলেই হবে। এই সময়ের মধ্যে ভারত মহিলাদের এক দিনের বিশ্বকাপ এবং পুরুষদের টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। হাইব্রিড মডেল অনুসারে এই প্রতিযোগিতাগুলিতে পাকিস্তান ভারতে খেলতে আসবে না।












Click it and Unblock the Notifications