Champions Trophy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলার ম্যাচ ভারতের! বিরাটের পারফরম্যান্স নিয়ে কী বললেন ঋদ্ধিমান?
বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কিন্তু গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি আছে ভারতের। আগামী রবিবার ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার পরেই মেগা সেমিফাইনাল। এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স থেকে কোহলির শতরান, একাধিক বিষয়ে ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিলেন ঋদ্ধিমান সাহা।
২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হতাশাজনক ফলাফল করেছে ভারত, এবার কী ভারতের কাছে বদলার ম্যাচ? ঋদ্ধি বলেছেন, ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে। কয়েক মাস আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হেরে গিয়েছে ভারত। ফলে সেটা মাথায় রেখে নামবে ভারত। সেটা যেই দলই হোক সবার মধ্যে আলাদা করে ম্যাচ জেতানোর জন্য একটা মোটিভেশন কাজ করবে।

কেএল রাহুল সুযোগ পাওয়ায় পন্থকে বাইরে থাকতে হচ্ছে। যা নিয়ে প্রবল চর্চা হচ্ছে। তবে ঋদ্ধিমান কিন্তু বিতর্ক সরিয়ে টিম গেমেই আস্থা রাখছেন। ঋদ্ধির কথায়, আমি সব সময়ই মনে করি টিম কম্বিনেশনের জন্যই রাহুলকে খেলানো হচ্ছে। কোচ এবং টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র ক্রিকেটাররা ঠিক করেছেন পন্থের থেকে রাহুল ভালো তাই তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে।
দুবাইয়ে শুধু মাত্র খেলতে হচ্ছে বলে ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে এটা মানতে নারাজ ঋদ্ধি। তাঁর কথায়, ক্রিকেট ব্যাট ও বলের খেলা। কেউ টসে জিতবে কেউ হারবে। কিন্তু নির্ভর করছে সেই দিন কারা ভালো খেলছে, সেই দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।
এদিকে ভারত সেমিফাইনালে উঠে গেলেও আগামী ম্যাচগুলোতে ভারতের বোলিংকে যে আরও ধারালো করতে হবে সেই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বুমরাহের অনুপস্থিতিতে ভারতের বোলিং খারাপ হচ্ছে না। তবে শামিকে জ্বলে উঠতে হবে। ভারত-নিউজিল্যান্ড দুই দলই সেমিতে উঠায় রবিবারের ম্যাচে চাপ কম থাকবে। কিন্তু নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। তবে ওপেনিং স্লটে আরও উন্নতি করতে হবে। আশা করছি ভারত ফাইনালে যাবে।
বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোহলি ম্যাচ ফিনিশ করে আসে, এটাই মহান ক্রিকেটারদের লক্ষণ। একইসঙ্গে তিনি বলেন, আমার পছন্দ পন্থই। ও কিন্তু আগামী অধিনায়ক। তবে টিম ম্যানেজমেন্টের বিষয়।












Click it and Unblock the Notifications