Champions Trophy: শীর্ষস্থানেই গিল, কতটা উন্নতি করলেন কোহলি? প্রথম দশে থাকা ভারতীয় ব্যাটার কারা?
বিরাট কোহলির ব্যাটিং নৈপূন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত ভারতীয় দল। আগামী রবিবার দুবাইতে ভারত খেতাব জয়ের লক্ষ্যে নামবে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচের জয়ীই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে আইসিসির পক্ষ থেকে বিরাট সুখবর এল টিম ইন্ডিয়ার অন্দরে।
বুধবার আইসিসির পক্ষ থেকে একদিনের ক্রিকেট যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ব্যাটারদের প্রথম দশের তালিকায় ভারতীয়দেরই আধিক্য। ভারতের চারজন ব্যাটার আছেন প্রথম দশে। তবে ভারতের জন্য সবথেকে ভালো খবর ক্রম তালিকায় কোহলির উন্নতি।

ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল। এর আগে তালিকায় দেখা গিয়েছিল, ৮১৭ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থানে আছেন গিল। ভারতীয় ওপেনার ১ নম্বর স্থান ধরে রেখেছেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁর পয়েন্ট সংখ্যা কমেছে। বর্তমানে ৭৯১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন গিল। পাশপাশি একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত খেলে ক্রম তালিকায় উন্নতি করলেন বিরাট কোহলিও।
৭৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে চার নম্বরে আছেন বিরাট। এক ধাপ উন্নতি করেছেন কোহলি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য শতরান করতে পারলেন না। তিনিই হলেন ম্যাচের নায়ক।
রোহিত শর্মা অবশ্য দুই ধাপ নীচে নেমেছেন। ৭৪৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই খুব একটা ছন্দে নেই রোহিত। ওপেন করতে নেমে ভালো রান পাচ্ছেন না। ফলে তার প্রভাব দেখা গেল ক্রম তালিকাতেও। রোহিতের ক্রম তালিকায় অবনতি হল।
। প্রথম দশে আছেন আরও এক ভারতীয়। ৭০২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে স্থান করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে তিনি ছিলেন ৯ নম্বরে। চার নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। প্রায় প্রতি ম্যাচেই ভালো খেলছেন শ্রেয়স। ফলে ক্রম তালিকাতে উন্নতি করছেন ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার।
ওডিআই ক্রম তালিকায় বোলারদের মধ্যে প্রথম দশে একমাত্র ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব। এর আগে ৬৫৬ পয়েন্ট নিয়ে তিন নন্বরে ছিলেন কুলদীপ। কিন্তু বুধবার প্রকাশিত তালিকায় ৬ নম্বরে নেমে গিয়েছেন চায়নাম্যান স্পিনার। তবে প্রথম দশে না থাকলেও উন্নতি করছেন শামি। তিন ধাপ উপরে উঠে শামির বর্তমান স্থান ১১।












Click it and Unblock the Notifications