Champions Trophy: জয় শাহ দায়িত্ব গ্রহণের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা? রইল বড় আপডেট
আইপিএল নিলাম নিয়ে উন্মাদনার মধ্যেই চর্চা অব্যাহত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। আগামী বছর ফেব্রুয়ারি- মার্চ মাসে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল ভারত কি আদৌও ওয়াঘার ওপারে খেলতে যাবে? এই প্রশ্নের যবনিকা পতন হতে পারে আগামী সপ্তাহেই।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী সপ্তাহেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সূচি ঘোষণা হতে পারে, ফলে সূচি ঘোষণা হলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে নাকি নিরপেক্ষ দেশের মাটিতে আইসিসির এই টুর্নামেন্ট খেলবে?

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ থেকে ১২ নভেম্বর আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবে। সেখানে গিয়ে লাহোর সহ অন্য ভেনু্গুলিতে পরিদর্শন করবেন। পিসিবির সঙ্গে বৈঠক করবেন। তারপরই সূচি প্রকাশ করা হতে পারে। সূচি ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির কাছে পাঠানো হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের মতামতও চাওয়া হয়েছে এই বিষয়ে।
প্রাথমকিভাবে ঠিক হয়েছে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। ১০ মার্চকে রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ এ তে আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। কবে কোন ম্যাচ খেলার হবে সেটা জানা যেতে পারে আগামী সপ্তাহেই। তবে সবথেকে বেশি চর্চা ভারতের খেলার ভেন্যু নিয়ে কারণ বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে পাকিস্তানে দল পাঠানো সম্ভব নয়।
২০০৮ সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি ইভেন্টের জন্য পাকিস্তান দল ভারতে এলেও ওয়াঘার ওপারে প্রায় ১৫ বছর খেলতে যায়নি ভারত। এই পরিস্থিতিতে ভারতকে নিজেদের দেশে খেলাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। ভারতের সব খেলা লাহোরে রাখা হয়েছে পিসিবির প্রস্তাবিত সূচিতে। যাতে সীমান্তের খুব কাছেই থাকে ভারত।
শুধু তাই নয় ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে গিয়ে খেলে আবার দেশে ফেরার জন্য, ভারতীয় দল থাকবে অমৃতসর বা মোহালিতে। কিন্তু পিসিবির আজব প্রস্তাব নাকোচ করে দিয়েছে বিসিসিআই।আগামী ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণ করবে। আইসিসি চাইছে দ্রুত সূচি ঘোষণা করতে যাতে ব্যবস্থাপনা সঠিকভাবে করা যায়।












Click it and Unblock the Notifications