Champions Trophy: ফাইনালে ভারতের প্রথম একাদশে বদল হবে? কেমন চরিত্র হবে পিচের? অকপট উত্তর শাস্ত্রীর
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ২৫ বছর পর এবার বদলার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।
এখনও পর্যন্ত চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত রয়েছে ভারতীয় দল। রবিবার কেমন টিম কম্বিনেশন হবে ভারতের? তা নিয়ে চলছে চর্চা। ভারতের প্রথম একাদশ নিয়ে নানা মুণির নানা মত। এরমধ্যে ভারতীয় দল শেষ দুটি ম্যাচে চার স্পিনার নিয়ে খেলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের কম্বিনেশনে বদল হবে? এই নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী।

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের একাদশে পরিবর্তন আনা হতে পারে। কে বাইরে থাকবেন এবং তাঁর পরিবর্তে কে আসবেন, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে শাস্ত্রী কারণ ব্যাখ্যা করে বলেছেন, তিনি বিশ্বাস করেন যে পিচের অবস্থাই ভারতের প্রথম একাদশ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুবাইয়ে ফাইনাল খেলা হবে। ফলে ভারতীয় দলে সেমিফাইনালের কম্বিনেশন নেই মাঠে নামতে পারে সে ক্ষেত্রে চার স্পিনারই বড় ভরসা হতে পারে টিম ইন্ডিয়ার। বরুন চক্রবর্তী যে ছন্দে আছেন তাতে তাঁকে বাইরে রাখা যাবে না। স্পিনাররা কার্যকরী ভূমিকা নিচ্ছেন।
ফাইনাল ম্যাচে কেমন পিচে খেলা হবে সেটা নিয়ে চর্চা চলছে। শাস্ত্রী বলেছেন, পিচের চরিত্রের জন্য যদি উভয় দলেই কোনও পরিবর্তন আসে তবে আমি অবাক হব না। কারণ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে আমরা যে পিচটি দেখেছি তা টুর্নামেন্টে আমার দেখা সেরা পিচ ছিল। শেষ খেলার পর মাঠকর্মীরা আরও পাঁচ দিন সময় পেয়েছেন একটি ভালো পিচ প্রস্তুত করার জন্য। শেষ ম্যাচের থেকেও ভালো পিচ হলে ২৮০ থেকে ৩০০ রান উঠতে পারে।
দুবাইয়ের স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে। যদিও একটি সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হয়েছে চারটি পিচ । শেষ দু'টি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করা হবে না। আবার অল্প সময়ের মধ্যে নতুন পিচকে তৈরি করাও যাবে না। তাই ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা হচ্ছে। এগিয়ে আছে ভারত-পাক ম্যাচের পিচই।
এদিকে, ফাইনাল ম্যাচের আগে বিরাট সমস্যায় নিউজিল্যান্ড শিবির। চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেতাব জয়ের ম্যাচে অনিশ্চিত কিউয়ি দলের প্রধান পেসার ম্যাট হেনরি। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে টিম ইন্ডিয়ার পাঁচ ব্যাটারকে ফেরান। ওডিআইতে সেরা বোলিং করেন কিউয়ি পেসার।হেনরি ভারতের শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিকে আউট করেন।












Click it and Unblock the Notifications