Champions Trophy: ভারত-বাংলাদেশ ম্যাচে পিচ নিয়ে ধোঁয়াশা, রোহিত-শান্তদের খেলায় ছন্দ নষ্ট করতে পারে বৃষ্টিও!
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। দুবাইয়ে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল গ্রুপ পর্বে ভারতের একটি মেগা ম্যাচ আছে সেটা আগামী ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান ম্যাচের মতোই ভারত-বাংলাদেশ ম্যাচও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভারত নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানে যায়নি। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। কিন্তু ভারত বনাম বাংলাদেশ ম্যাচে কেমন হবে পিচের চরিত্র? কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কতটা প্রভাব ফেলতে পারে এই ম্যাচে? এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দুবাইয়ে কয়েকদিন আগেই টি২০ লিগের ম্যাচ হয়েছে। ফলে মনে করা হচ্ছিল ভারতের ম্যাচগুলি হবে ব্যবহার করা স্লো পিচেই। কিন্তু আগেই জানা গিয়েছিল ভারতের খেলা নতুন পিচেই হবে। দুবাইয়ে দুটি নতুন পিচ প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে কোনটি ব্যবহার করা হবে এবং পিচ কেমন আচরণ করবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। ম্যাচের ২৪ ঘন্টাও সময় বাকি নেই, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের জন্য কোন পিচ ব্যবহার করা হবে তা কেউ জানে না।
ম্যাচের আগের দিন সেন্টার উইকেটে দুটি পিচের ছবি উঠে এসেছে। তার মধ্যে ডানদিকের পিচটকে বেশি রোলিং করতে দেখা গিয়েছে। কিন্তু কেমন হবে পিচ, ভারতীয় দল পাঁচ স্পিনার আছে, পাণ্ডিয়াকে নিয়ে চার পেসার আছে। ফলে স্পিনাররা পিচ থেকে সুবিধা না পেলে সমস্যা হতে পারে ভারতের।
এর আগে একাধিক টি২০ লিগের ম্যাচ হয়েছে এই মাঠে। ভারতের মতো জনপ্রিয় দল পুরানো পিচে খেললে তা যে ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপণ হবে না তা বুঝতে পেরেছে আইসিসি। তাই জীর্ণ, পুরাতন পিচ নয় ভারতের খেলা হবে নতুন পিচেই।
কয়েকদিন আগে পিটিআইকে এক সূত্র পিচ নিয়ে জানিয়েছিলেন, ২০২৪ সালে টি২০ লিগ থেকে শুরু করে আইসিসির বয়সভিত্তিক টুর্নামেন্টের একাধিক ম্যাচ হয়েছে দুবাইতে। কিন্তু তার পরেও দুটি পিচ সম্পূর্ণ অব্যবহৃত ছিল। কিন্তু তার পরেও ভারতের ম্যাচগুলোর জন্য নতুন করে পিচ প্রস্তুত করা হচ্ছে। পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, টি২০ লিগের সময় থেকেই আমাদের কাছে নির্দেশ ছিল দুটি পিচ ব্যবহার করা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাজা রাখতে হবে।
এবার আসা যাক আবহাওয়ার কথায়। ভারত- বাংলাদেশ ম্যাচে বৃষ্টিপাতের সম্ভবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচের দিন ৩৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভবনা আছে। দুবাইয়ে তাপমাত্রা থাকতে পারে ২ ৪ ডিগ্রির আশে পাশে। আপেক্ষিক আদ্রর্তা ৪৮ শতাংশ থাকতে পারে। ফলে বৃষ্টি কিন্তু ভারত বমাম বাংলাদেশের মধ্যে মেগা ম্যাচে ছন্দ নষ্ট করতে পারে।












Click it and Unblock the Notifications