Champions Trophy: চোট-আঘাতের সমস্যা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত শতরান, রাচিনকে নিয়ে স্বস্তিতে সিএসকে
২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করলেন রাচিন রবীন্দ্র। ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার থাকেন যারা আইসিসি ইভেন্টে খেলতে নামলেই জ্বলে উঠেন, রাচিন রবীন্দ্র হলেন তাঁদেরই একজন।
সোমবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে রাচিন ১০৫ বলে ১১২ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং একটি ছক্কা। রাচিনই প্রথম ক্রিকেটার যিনি আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি উভয় টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই শতরান করলেন।

পাকিস্তানের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজের ম্যাচে মুখে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান কিউয়ি তারকা। বাউন্ডারির লাইনে ক্যাচ নেওয়ার সময় তাঁর মুখে বল লাগে এবং রাচিন রক্তাক্ত হন। স্টেডিয়ামে আলো কম থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। বাংলাদেশ ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নামেন রাচিন রবীন্দ্র। ভিন্ন পজিশনে ব্যাটিং করতে নেমেও সফল হলেন রাচিন।
২৫ বছর বয়সি রাচিন ৩০ একদিনের ম্যাচে চারটি সেঞ্চুরি করেছেন । উল্লেখ্য এই চারটি শতরানই আইসিসি টুর্নামেন্টে এসেছে। রাচিন রবীন্দ্র তিনটি শতরান করেছিলেন ২০২৩ একদিনের বিশ্বকাপে এবং একটি করলেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে । ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন রাচিন রবীন্দ্র।
রাচিন রবীন্দ্র বলেছেন, আমার সঙ্গে যে হয়েছে নিঃসন্দেহে অদ্ভুত দুর্ঘটনা। আমি মনে করি এই ধরনের দুর্ঘটনা খুব একটা ঘটে না। নিউজিল্যান্ড দলের সবাই, প্রশিক্ষক এবং ডাক্তার এবং ফিজিও আমাকের খুবই সাহায্য করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ তঁাদের কাছে। চোট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আমি সকলের ভালবাসা এবং সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।
এদিকে সোমবারের ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী টপকে এক দর্শক রাচিনের কাছে চলে আসেন, এতে ফের একবার পাকিস্তানে নিরাপত্তার ঢিলেঢালা চিত্রটা উঠে এল।












Click it and Unblock the Notifications