Champions Trophy: রোহিতের শরীর ও অধিনায়কত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেত্রীর, পাল্টা আক্রমণ বিজেপির
নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌছে গিয়েছে ভারত। মঙ্গলবার সামনে অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টে বিশেষ করে নক আউটে সব সময়ই কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সৌজন্যে কংগ্রেস বিজেপি।
রবিবার ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি ভারত অধিনায়ককে মোটা বলে উল্লেখ করেন। এমনকি দাবি করেন রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তাঁর মন্তব্য সামনে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেত্রীকে পাল্টা আক্রমণ করেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।

কংগ্রেসের দলের সর্ব ভারতীয় মুখপাত্র শামা মহম্মদ ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই রোহিত প্রসঙ্গে জানান,'একজন খেলোয়াড়ের হিসাবে রোহিত শর্মা অনেক বেশি মোটা। ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে খারাপ অধিনায়ক। এখানেই থেমে না থেকে কংগ্রেস নেত্রী আরও বলেন, রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটারড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।
কিন্তু কংগ্রেস নেত্রী কি জানেন না ক্রিকেটার রোহিতের পারফরম্যান্স এবং অধিনায়ক হিসাবে তঁার সাফল্য। ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। একদিনের বিশ্বকাপ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনাল খেলেছে। এরপরও কংগ্রেস নেত্রীর এমন মন্তব্য অত্যন্ত অশোভন।
এই ইস্যুতে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তারা রাহুল গান্ধীর উদাহরণ টেনে জবাব দিয়েছে কংগ্রসেকে। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা জানিয়েছেন, যাঁরা রাহুল গান্ধীর অধিনায়কত্বে ৯০টি নির্বাচনে হেরেছেন, তাঁরা রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন।
এখানেই থেমে না থেকে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আরও বলেন, আমার মনে হয় দিল্লি নির্বাচনে ০ পাওয়া এবং ৯০টি নির্বাচনে হার প্রশংসনীয় কিন্তু দেশকে টি২০ বিশ্বকাপ জেতানো নয়। রোহিত শর্মার অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত। এর আগে কংগ্রেস ভারতের প্রতিষ্ঠানগুলি এবং সেনা বাহিনীর বিরুদ্ধে কথা বলত। আর এখন তারা ভারতীয় ক্রিকেট দলের বিরোধিতা করতে শুরু করেছে।
একদিনের আন্তজার্তিক ক্রিকেটে টসে হেরেই চলছে ভারত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস ভাগ্য সঙ্গ দেয়নি রোহিত শর্মাকে। এই নিয়ে ভারতীয় দল টানা ১৩টি ম্যাচে টসে হারল। রোহিত শর্মা এই নিয়ে টানা ১০ বার টস হেরে গেলেন। রোহিত কিউয়িদের বিরুদ্ধে টসে হারতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমের বন্যা।
ভারত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে টস হেরেছিল। সেই ম্যাচ হেরে খেতাব জয় ভারতের অধরাই থাকে। এরপর থেকে ওডিআই ক্রিকেটে টস ভাগ্য রোহিত শর্মাকে সঙ্গ দেয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত করেন মাত্র ১৭ বলে ১৫ রান। একটি করে চার ও ছক্কা মেরেছিলেন রোহিত।












Click it and Unblock the Notifications