Champions Trophy: সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট, ভারত-পাকিস্তান ওডিআই ম্যাচের যাবতীয় পরিসংখ্যান দেখে নিন
রবিবার মেগা ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চলতি প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত-পাক দুই দল। দুবাইয়ের মাঠে ২২ গজের যুদ্ধ। এই ম্যাচটার দিকে শুধু দুই দেশের ক্রিকেট প্রেমীরাই নয় একইসঙ্গে তাকিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ইতিহাসের আলোকে এবং তথ্য পরিসংখ্যানের নিরিখে ফিরে দেখা ভারত-পাকিস্তান একদিনের ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ১৩৫ বার একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ৭৩ বার জয় পেয়েছে পাকিস্তান এবং ৫৭ বার জিতেছে ভারত। ৫ ম্যাচে ফলাফল হয়নি। কিন্তু শেষ দুই দশকে ভারতের জয়ের সংখ্যাই বেশি। ভারত পাকিস্তান একদিনের ম্যাচে সর্বোচ্চ স্কোর আছে ভারতের দখলে। ২০০৫ সালে এবং ২০২৩ সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে দুইবার ৩৫৬ রান তুলেছিল।

ভারত পাক একদিনের ম্যাচে সবথেকে বেশি রান আছে সচিন তেন্ডুলকরের। ৬৯ ম্যাচে তিনি ২৫২৬ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ রান আছে সৈয়দ আনোয়ারের দখলে। ১৯৯৭ সালে ১৪৬ বলে ১৯৪ রান করেছিলেন। এই ম্যাচে সর্বাধিক শতরান (৫টি)আছে সচিন তেন্ডুলকর এবং সলমন বাটের। সর্বাধিক ১৬টি অর্ধশতরান আছে সচিনেক দখলে। এই ম্যাচে সবথেকে বেশি ০ রানে আউট হয়েছেন শাহীদ আফ্রিদি ও শ্রীনাথ। উভয়েই ৬বার করে ০ রানে আউট হয়েছেন।
সর্বাধিক উইকেট আছে ওয়াসিম আক্রমের। তিনি ৪৮ ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং আছে আকিব জাভেদের। ১৯৯১ সালে শারজায় ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে ওডিআই ম্যাচে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সবথেকে বেশি ক্যাচ নিয়েছেন ভারতের আজহারউদ্দিন। ৬৪ ম্যাচে ৪৪ ক্যাচ নিয়েছেন।












Click it and Unblock the Notifications