Champions Trophy: বুমরাহহীন ভারতীয় পেস অ্যাটাকের মূল ভরসা শামিই, বিশ্বকাপের ছন্দে ফের পাওয়া যাবে বঙ্গ পেসারকে?
চোটের জন্য জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় পেস অ্যাটাকের ভরসা মহম্মদ শামি। দীর্ঘদিন পর চোট কাটিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজেও খেলেছেন, এবার শামির পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পরীক্ষা কম দায়িত্ব বেশি, কারণ শামিকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। কিন্তু বুমরাহহীন ভারতীয় পেস বোলিং তাঁর উপরই অনেকটা নির্ভর করবে।
২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। গত নভেম্বর মাসে বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। টি২০ হোক বা একদিনের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে যখনই সুযোগ পেয়েছেন তখনই জ্বলে উঠেছেন, বল হাতে উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভরসা দিয়েছেন।

বুমরাহহীন ভারতীয় দলের বোলিং বিভাগে শামিকে যে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সেটা মানছেন প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজি। তিনি বলেন, জসপ্রীত বুমরাহ এমন একজন বোলার যিনি সব ফরম্যাটেই চ্যাম্পিয়ন বোলার। তবে শামির অভিজ্ঞতা আছে এবং বুমরাহ আসার আগে থেকেই শামিই ভারতের হয়ে খেলেছন।
একইসঙ্গে লক্ষ্মীপতি বালাজি আরও বলেন, আমি মনে করি শামির ভালো পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ। ভারতকে যদি ভালো ফলাফল করতে হয়, তাহলে শামিকে নতুন বলে উইকেট নিতে হবে। নতুন বলে প্রথম ছয় ওভারে শামি যে ধরনের প্রভাব ফেলতে পারেন, তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নতুন পুরানো যাই হোক না কেন শামিকে প্রতিটি ম্যাচে ধারাবাহিক ভালো ফল করতে হবে।
ভারতীয় দলে এই মুহূর্তে অভিজ্ঞ পেসার হিসাবে রয়েছেন মহম্মদ শামি। এবার তাঁর উপর আস্থা রাখছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার কোচ আগেই জানিয়েছিলেন, বুমরাহের অনুপস্থিতিটা শামির কাছে একটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।












Click it and Unblock the Notifications