Champions Trophy: একবেলা খেয়েই দিন কাটান! ভারত-পাক ম্যাচের আগে নিজের ফিটনেস রহস্য ফাঁস করলেন শামি
আইসিসি ইভেন্টে খেলতে নামলেই বল হাতে জ্বলে উঠেন মহম্মদ শামি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে বল হাতে মহম্দ শামির দুরন্ত পারফরম্যান্সের স্মৃতি এখনও টাটকা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। গোটা টুর্নামেন্টে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করছেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শামি নিয়েছেন ৫ উইকেট।
চোট আঘাতের সমস্যা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে আবার স্বমহিমায় বঙ্গ পেসার। রবিবার সামনে পাকিস্তান। এই ম্যাচে বাবর-রিজওয়ানদের ব্যাটিংয়ের বিরুদ্ধে ভারতীয় দলের অস্ত্র হতে পারেন শামিই। কিন্তু চোট-আঘাত এবং ফিটনেস সমস্যাকে কাটিয়ে কীভাবে বল হাতে আবার পুরানো ছন্দে ফিরলেন? সেই রহস্যই ফাঁস করেছেন শামি।

প্রাক্তন ক্রিকেটার সিধুর প্রশ্নের উত্তরে শামি বলেন, ২০১৫ সালের পর থেকে আমি দিনে মাত্র একবারই খাবার খাই। রাতে শুধুমাত্র নৈশভোজ করি। দিনের শুরুতে কোনও খাবার বা দুপুরেও কিছু খাই না। প্রথম দিকে বিষয়টির সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল, সময়ের সঙ্গেই বিষষটির সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন খুবই সহজ লাগে বিষয়টি আমার জন্য।
বিরিয়ানি শামির প্রিয় খাদ্য। কিন্তু বিরিয়ানি অতিরিক্ত খাওয়ার পরেই একটা সময় তাঁর ওজন অতিরিক্ত বেড়ে গিয়েছিল। প্রায় ৯০ কেজি হয়ে গিয়েছিল শামির ওজন। তবে কঠোর পরিশ্রম ও কঠিন ডায়েটের মাধ্যমেই দ্রুততার সঙ্গে শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে সক্ষম হন শামি।
এই প্রসঙ্গে শামির সহজ জবাব, চোট সারিয়ে রিকভারি করার সময়টা খুব কঠিন ছিল। এনসিএ-তে থাকার সময় কঠিন পরিশ্রম করতে হয়েছিল। নিজেই নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম আমাকে ওজন কমাতেই হবে। একইসঙ্গে শামি বলেন, আমি কোনও দিনই খাদ্য রসিক ছিলাম না। মিষ্টি খাই না, শরীরের পক্ষে ভালো নয়, এমন খাবারও খাই না। তবে মাঝে মধ্যে বিরিয়ানিটা খেয়ে ফেলি।
চোটের জন্য জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পেস অ্যাটাকের ভরসা মহম্মদ শামি। রবিবার বাবরদের ব্যাটিংয়ে ধস নামানোর দায়িত্ব থাকবে তাঁরই কাঁধে।












Click it and Unblock the Notifications