Champions Trophy: ফাইনাল ম্যাচের আগে নিউজিল্যান্ড শিবিরে চিন্তার কারণ হেনরি, তারকা পেসারের খেলা নিয়ে সংশয়
আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচের আগে বিরাট সমস্যায় নিউজিল্যান্ড শিবির। চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেতাব জয়ের ম্যাচে অনিশ্চিত কিউয়ি দলের প্রধান পেসার ম্যাট হেনরি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে চোট পান নিউজিল্যান্ডের তারকা পেসার। ফিল্ডিংয়ের সময় ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান হেনরি। ক্যাচটি তালুবন্দি করলেও চোট এড়াতে পারেননি হেনরি। এরফলে ফাইনাল ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ক্রিকইনফোর প্রতিবেদনে এমনই তথ্য উল্লেখ করা হয়েছে।

কীভাবে চোট পেলেন ম্যাট হেনরি? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের ২৯তম ওভারে লং অনে ফিল্ডিং করছিলেন হেনরি। ক্লাসেনের ক্যাচ ধরার জন্য বেশ খানিকটা ছুটে এসে সামনের দিকে শরীর ছুঁড়ে দেন। এই ক্যাচ নিতে গিয়েই কাঁধে চোট পান হেনরি। ক্যাচ নেওয়ার পর যন্ত্রণা পেতে দেখা যায় হেনরিকে।পরে ফিজিও'র সঙ্গে মাঠও ছাড়তে হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পর ফিরে এসে কয়েক ওভার বোলিং করেন। কিন্তু চেনা ছন্দে দেখা যায়নি হেনরিকে। শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল তাঁর কষ্ট হচ্ছে তিনি ফিট নন।
সেমিফাইনাল ম্যাচ শেষে কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু'দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়। ফলে দলের তারকা পেসারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হেনরি খেলতে না পারলে সুবিধা হবে ভারতের। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে টিম ইন্ডিয়ার পাঁচ ব্যাটারকে ফেরান। ওডিআইতে সেরা বোলিং করেন কিউয়ি পেসার।হেনরি ভারতের শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিকে আউট করেন। বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের উইল ইয়ং, গ্লেন ফিলিপিস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরিকে আউট করেন।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে একটি বিরল রেকর্ড হয় যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা হয়েছিলেন বরুণই। একইসঙ্গে নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও ৫ উইকেট নেন। এই প্রথম এক ওডিআই ম্যাচে দুই বোলার ৫ উইকেট নিলেন।
ফাইনাল ম্যাচে ব্রেওসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রও বোলিং করতে পারেন। সঙ্গে থাকছেন উইলিয়াম ও'রোর্ক ও কাইল জেমিসন। হেনরি যদি একান্তই না খেলতে পারেন তাহলে বেন সিয়ার্স'কে সুযোগ দেওয়া হতে পারে একাদশে।












Click it and Unblock the Notifications