Champions Trophy: ছন্দে থাকা গিল-শামিই বিরাট ভরসা ভারতের, পাকিস্তান নির্ভর বোলিংয়ের উপরেই, ফোকাসে কারা?
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে অন্যদিকে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পাকিস্তান। তবে এই ম্যাচ সব সময়ই শূন্য থেকে শুরু হয়। দুই দলেই আছেন একাধিক তারকা। কিন্ত মেগা ম্যাচে ফোকাসে থাকবেন কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক ভারতীয় দলের কথায়, ভারতীয় দলে ফোকাসে থাকবেন অবশ্যই রোহিত শর্মা।ভারতীয় দলের ওপেনিংয়ের স্তম্ভ রোহিত। হিটম্যান শুরুতেই রান পেলে ভারতীয় মিডস অর্ডার অনেকটাই চামমুক্ত হবে। খারাপ সময় কাটিয়ে উঠার আভাস ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দিয়েছেন। শতরান করেছিলেন দ্বিতীয় ম্যাচেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে সম্মানজনক রান করেছেন। ফলে রোহিত বনাম শাহিন আফ্রিদির দ্বৈরথ জমতে পারে।

শুভমান গিল। একদিনের ক্রিকেটে ১ নম্বর ব্যাটার। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। এবার সামনে পাকিস্তান। গিল বর্তমানে শুধু ভারতের ওডিআউ দলের সহ অধিনায়কই নন, একইসঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফলে রবিবার গিলকে দ্রুত ফেরাতে চাইবেন পাক বোলাররা। গিলের সঙ্গে দ্বৈরথ জমতে পারে নাসিম শাহের।
যতই তিনি অফ ফর্মে থাকুন, ব্যাট হাতে রান না পান, বিরাট কোহলিকে কখনই বাদ দেওয়া যাবে না। তৃতীয় নাম অবশ্যই বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতে অর্ধ শতরান করে মানরক্ষা করেছেন। কিন্তু কোহলি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচে ফোকাসে তিনি। পাকিস্তান ম্যাচকে রানে ফেরার মঞ্চ হিসাবে কাজে লাগাতে চাইবেন কোহলি। কিন্তু তাঁকে দ্রুত ফেরানোর দায়িত্ব থাকতে পারে হ্যারিস রউফের উপরে।
অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব তার উপরই থাকতে পারে। শেষ বার ভারত পাক দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল তখন পাণ্ডিয়া ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন।
পেস অ্যাটাকে ভারতের প্রধান ভরসা মহম্মদ শামিই। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নিয়েছেন। চোটের জন্য জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় পেস অ্যাটাকের ভরসা মহম্মদ শামি। বাবরদের ব্যাটিংয়ে ধস নামানোর দায়িত্ব থাকবে তাঁরই কাঁধে।
এবার আসা যাক পাক দলের কথা। পাক দলের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল বাবর আজমের উপর। প্রথম ম্যাচে দল হারলেও বাবর রান পেয়েছেন কিন্তু মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছেন। এবার সামনে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম ফিরিয়ে আনতে হবে বাবরকে।
মহম্মদ রিজওয়ান। পাক দলের অধিনায়ক। প্রথম ম্যাচে রান পাননি। কিন্তু তিনি অধিনায়ক, মেগা ম্যাচেই তাঁকেই জ্বলে উঠতে হবে। ফলে ভারত পাক ম্যাচে ফোকাসে থাকবেন রিজওয়ান।
পাকিস্তান দলের প্রধান শক্তি বোলিং। আর বোলিং বিভাগের মূল স্তম্ভ শাহিন শাহ আফ্রিদি। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সাত উইকেট নিয়েছেন। ফলে এই ম্যাচে ভারতীয় টপ অর্ডারে ধস নামানোর লক্ষ্য নিয়েই দুবাইতে নামবেন আফ্রিদি।












Click it and Unblock the Notifications