Champions Trophy: আইসিসি ইভেন্টে শেষ পাঁচ ম্যাচে জয়ের নিরিখে এগিয়ে রোহিতরাই, কেমন পারফরম্যান্স করেছে দুই দল?
মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টে এই দুই দলের খেলা মানেই উত্তেজনার কিছু অতিরিক্ত মশলা মজুত থাকে। সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এর আগে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের সুপার ৮-র ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হয়েছিল। রোহিত শর্মার দুরন্ত ইনিংসে ভর করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান তোলে। জবাবে ২০ ওভারে ৭ উইকেচে ১৮১ রান তোলে অজিরা। সেই ম্যাচে অর্শদীপ সিং ৩ উইকেট নেন।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ভারতের খেতাব জয়ের আশা বিলীন হয়ে যায় অজিদের কাছে হেরে। আহমেদাবাদে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। ভারত ২৪০ রান তুলতে সক্ষম হয়। কিন্তু ট্রাভিস হেডের দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়া ম্যাচ ও খেতাব জিতে নেয়।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত এবং অস্ট্রেলিয়া দল মুখোমুখি হয়েছিল। ভারতীয় বোলারদের দাপটে ১৯৯ রানেই আটকে যায় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে কোহলির ৮৫ এবং রাহুলের ৯৭ রানে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত।
২০২৩ সালেই ভারত এবং অস্ট্রেলিয়া দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। কিন্তু ফাইনালে ফের পরাজয়ের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। লন্ডনের ওভালের মাঠে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে অজিরা। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড উভয়েই সেই ম্যাচে শতরান করেছিলেন।
২০১৯ সালে একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ধাওয়ানের শতরান এবং কোহলির অর্ধশতরানে ভর করে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। জবাবে ৩১৬ রানে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৬ রানে জয় পায় ভারত।












Click it and Unblock the Notifications