Champions Trophy: এনসিএ-তে কতটা উন্নতি বুমরাহের? তারকা পেসারকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে বিসিসিআই! রইল আপডেট
জসপ্রীত বুমরাহকে দলে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। কিন্তু বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা তা পরিস্কার নয় এখনও। নিময় অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডে পরিবর্তনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। কিন্তু বুমরাহের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে পারে বিসিসিআই।
বর্তমানে এনসিএ-তে আছেন বুমরাহ। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাজ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বুমরাহ ইতিমধ্যেই রিহ্যাব শুরু করতে চলেছেন। সম্প্রতি তাঁর চোটের জায়গা স্ক্যান করা হয়েছে। বুমরাহ জিম এবং হালকা বোলিং প্রথমে করবেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বুমরাহের দিকে নজর রাখবেন বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। বুমরাহকে নিয়ে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে বিসিসিআই, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিসিসিআইয়ের একটি সূত্র সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বুমরাহের খেলার যদি ১% সম্ভাবনা থাকে, বিসিসিআই অপেক্ষা করতে পারে। এর আগে একদিনের বিশ্বকাপের সময় হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রেও তাই করা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিল প্রসিদ্ধ কৃষ্ণকে তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল। এমনকি গিল ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরেও তাঁর বিকল্প নেওয়ার চিন্তাভাবনা করা হয়নি।
একইসঙ্গে সেই সূত্র উল্লেখ করেছেন, এই দুটি ঘটনাই টুর্নামেন্ট চলাকালীন হয়েছিল, তবে বুমরাহের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। এটি স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা মাত্র, কোন ক্রিকেটার ফিটনেস ফিরে পেতে ব্যর্থ হলে তাঁর বদলির জন্য পরবর্তী সময়ে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন যেতে পারে।
ভারতীয় দলের তারকা পেসারের স্ক্যানের রিপোর্টসহ তাঁর মেডিক্যাল পরীক্ষার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন বোর্ডেরে মেডিক্যাল টিমের সদস্যরা। এর পাশাপাশি বুমরাহের কাছ থেকেও চোটের পরিস্থিতির আপডেট নেওয়া হচ্ছে নিয়মিতভাবেই। জানা গিয়েছে, বিসিসিআইয়ের এনসিএর মেডিক্যাল টিম নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পরে নিউজিল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক রোওয়ান স্কাউটেনের পরামর্শও নিতে পারেন ।
আগামী ২০ জানুয়ারি থেকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। বুমরাহ গ্রুপ পর্বে একান্ত খেলতে না পারলেও তাঁকে নক আউটের জন্য দলে রাখা হবে। তবে একান্ত খেলতে না পারলে তাঁর পরিবর্তে হর্ষিত রানা, মহমম্দ সিরাজের মধ্যে একজনকে নেওয়া হতে পারে। ইতিমধ্যেই রানার একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে।
আপাতত বুমরাহকে নিয়ে এনসিএ-র রিপোর্টের অপেক্ষায় আছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications