Champions Trophy: বড় ম্যাচেই জ্বলে উঠলেন বিরাট, পাকিস্তানের বিদায়ের ঘণ্টা বাজিয়ে সেমিফাইনাল নিশ্চিত ভারতের
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফইনালে ভারত। দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে ৬ ইকেটে জয় পেল ভারত। দুরন্ত শতরান করলেন কিং কোহলি।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ২৪১ রানেই সমাপ্ত হয় পাক দলের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল।

এরপর ব্যাট করতে নামলেন কোহলি বিরাট প্রত্যাশাকে সঙ্গী করেই। রোহিত আউট হওয়ার পর গিলের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কোহলি। তবে অর্ধশতরান করার একটু আগেই আউট হয়ে গেলেন গিল। ৫২ বলে ৪৬ রান করে আব্রার আহমেদের বলে আউট হলেন গিল। তবে ৩৫ রানের সময়ই গিলের ক্যাচ ফস্কান খুশদিল।
কোহলি এই ম্যাচে বড় রান করার আগেই একটি রেকর্ড সৃষ্টি করলেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন কিং কোহলি। ওডিআইতে ১৪ হাজার রান থেকে মাত্র যখন ২ রান দূরে ছিলেন তখন হ্যারিস রউফের বলে চার মেরে মাইলস্টোন সৃষ্টি করলেন। ২৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি।
কোহলির সঙ্গে জুটি গড়েন শ্রেয়স আইয়ার। ৬২ বলে অর্ধশতরান পূরণ করেন কোহলি। এরপর কোহলি এবং শ্রেয়সের জুটিই দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স। উইকেট স্লো থাকায় খুব বেশি দ্রুতলয়ে রান করতে পারছিলেন না দুই জনে। ৬৭ বলে ৫৬ রান করে আউট হলেন শ্রেয়স। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। রান পেলেন না পাণ্ডিয়াও। তিনি ৮ রান করেই আউট হলেন। কোহলি ১১১ বলে অপরাজিত ১০০ রান করলেন। সাতটি চার মারেন কোহলি। ম্যাচের সেরা তিনিই। পাক বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ২টি উইকেট পান।
ব্যাটিং ইনিংসে পাকিস্তানের হয়ে সাউদ শকিল সর্বোচ্চ ৬২ রান করেন। তাঁর সাতটি নইনিংসে ছিল পাঁচটি চার। পাক অধিনায়ক রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করে, তিনি মারেন তিনটি চার।ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬ বলে ২৩ রান করে পাণ্ডিয়ার বলে আউট হলেন বাবর। ফখর জামান চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাবর আজমের সঙ্গে ওপেন নেমেছিলেন ইমাম-উল-হক। শুরুর দিকে কয়েকটি ওভার সাবলীল ভাবেই সামলেছিলেন শামি-হর্ষিতদের আক্রমণ। তিনিও ১০ রান করে রান আউট হলেন।
পাকিস্তানের মিডল ওভারের পর থেকে দ্রুত উইকেট হারাতে থাকে। তবে পাক দলের রানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন খুশদিল শাহ। তিনি ৩৯ বলে ৩৮ রান করেন। সলমন করেন ১৯ রান। তৈয়াব তাহির ৬ বলে ৪ রানের বেশি করতে পারেননি। নাসিম শাহ করেন ১৪ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল কুলদীপ যাদব। তারকা স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে তিন উইকেট দখল করেন। হার্দিক পাণ্ডিয়া ৮ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৪৯ রান খরচ করেন, হর্ষিত রানা ৭.৪ ওভারে ৩০ রান ও রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ৪০ রান খরচত করেন। তিন বোলার একটি করে উইকেট পান।
এই ম্য়াচ জিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট প্লাস ০.৬৪৭ রান রেট নিয়ে গ্রুপের শীর্ষে জায়গা করে নিল ভারত। সেমিতে স্থান নিশ্চিত হয়ে গেল টিম ইন্ডিয়ার। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল পাক দলের।












Click it and Unblock the Notifications