Champions Trophy: বরুণের পাঁচ উইকেট, কিউয়িদের হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিতে ভারত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক ভারতের। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দিল ভারত। সেইসঙ্গে গ্রুপ শীর্ষে থেকেই সেমিতে রোহিতরা।
রবিবার ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৫ রানের মধ্যেই ওভারের ওপেনিং জুটির পতন ঘটে। গিল ২ রানে ম্যাট হেনরির বলে আউট হন। রোহিত করলেন মাত্র ১৭ বলে ১৫ রান। একটি করে চার ও ছক্কা মেরেছিলেন রোহিত। কাইল জেমিসনের বলে আউট হলেন ভারত অধিনায়ক। ৩০০তম একদিনের ম্যাচে ১৪ বলে ১১ রান করার পরই আউট হলেন কোহলি।

ম্যাট হেনরির বলে অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরলেন কিউয়ি ক্রিকেটার গ্লেন ফিলিপস। এরপর শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ৯৮ রানের পার্টনারশিপ তৈরি করে মানরক্ষা করেন । ৬১ বলে ৪২ রান করে রাচিন রবীন্দ্রে বলে আউট হন অক্ষর। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা। শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। কেএল রাহুল ২৯ বলে ২৩ রান করে আউট হন।
রবীন্দ্র জাদেজা ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্দিক পাণ্ডিয়া ৪৫ রান করেন সেই সঙ্গে ভারতের রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন।নিউজিল্যান্ড বোলারদের মধ্যে হেনরি ৪২ রানে ৫ উইকেট নেন। উইলিয়াম ও'রোর্ক, কাইল জেমিসন,মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় নিউজিল্যান্ডের। ১২ বলে ৬ রান করে আউট হলেন রাচিন রবীন্দ্র। পাণ্ডিয়ার বলে ক্যাচ নিয়ে রাচিনকে ফেরালেন অক্ষর। এরপর কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং কিউয়ি ব্যাটিংয়ের হাল ধরেন। ৩৫ বলে ২২ রান করে বরুণের বলে বোল্ড হলেন ইয়ং। এরপর
উইলিয়ামসনকে সঙ্গ দিতে থাকেন ড্যারিল মিচেল। ৩৫ বলে ১৭ রান করে কুলদীপের বলেই ফিরলেন মিচেল।
উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না টম লাথাম। ২০ বলে ১৪ রান করে জাদেজার বলেই আউট বলেন কিউয়ি ব্যাটার। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল কেন উইলিয়ামসনকে। কিন্তু অভিজ্ঞ উইলিয়ামসন খেলে গেলেও ওপরে দিকে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের সময় যত এগোলো ততই ভারতীয় স্পিনাররা নিয়ন্ত্রণ কায়েম করল। সুযোগ পেয়েই জ্বলে উঠলেন বরুণ।
গ্লেন ফিলিপসকে ১২ রানে এবং মাইকেল ব্রেসওয়েলকে ২ রানে আউট করলেন বরুণ। ১২০ বলে ৮১ রান করার পর অক্ষরের স্পিনের জালে বন্দি হলেন উইলিয়ামসন। প্রতিপক্ষের সেরা ব্যাটারকে ফেরানোর পরই জয়ের গন্ধ পেতে শুরু করে ভারত। অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা আগ্রাসী মেজাজে খেললেন। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে গেল কিউয়িরা। ভারত ৪৪ রানে জয় পেল। ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। কুলদীপ দুটি, হার্দিক, অক্ষর , জাদেজা একটি করে উইকেট পেলেন। ম্যাচের সেরা হলেন বরুণই।
কিউয়িদের হারিয়ে ভারত তিন ম্য়াচে ৬ পয়েন্ট ও প্লাস ০.৭১৫ রান রেট নিয়ে ১ নম্বরে থেকেই গ্রুপ পর্ব শেষ করল। নিউজিল্যান্ড তিন ম্য়াচে ৪ পয়েন্ট ও প্লাস ০.২৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল।












Click it and Unblock the Notifications