Champions Trophy: ফাইনালের প্রস্তুতি শুরু ভারতের, কেমন পিচে হবে খেতাব নির্ধারক ম্যাচ? রইল বিরাট আপডেট
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে গেল পুরোদমে। শুক্রবার সন্ধ্যায় আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করল ভারতীয় দল।
অনুশীলনে দেখা গেল বিরাট ও রোহিতকে একসঙ্গে অনেকক্ষণ কথা বলতে। পাশাপাশি বিরাট কোহলির সঙ্গে আলাদাভাবে কথা বলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা সফল হয়নি ভারতের ওপেনিং জুটি। বড় রান তুলতে ব্যর্থ হয়েছে রোহিত এবং গিল জুটি। এই পরিস্থিতিতে অনুশীলনে তাই রোহিতের সঙ্গে ফোকাসে ছিলেন সহ অধিনায়ক গিলও।

একদিনের ক্রিকেটে ১ নম্বর ব্যাটার। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। নিউজিল্যান্ড এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে রান পাননি। এবার সামনে সেই নিউজিল্যান্ড। গিল নিজেকে প্রমাণ করতে চাইবেন।
কেএল রাহুলের ব্যাটিং অর্ডার এবং তাঁকে ৬ নম্বরে নামিয়ে আনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে , কিন্তু ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালের দুই দিন আগে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট করে দিলেন ব্যাটিং অর্ডার নিয়ে রাহুলের কোনও সমস্যা হচ্ছে না। সর্ব ভারতীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোটাক বলেছেন, রাহুল এমন একজন ব্যাটার যিনি ওপেন করতে পারেন, চার, পাঁচ বা ছয় নম্বরেও ব্যাট করতে পারেন। পরিস্থিতি অনুসারে খেলতে পারেন। এটি দলের জন্য দুর্দান্ত।
ফাইনাল ম্যাচে কেমন পিচে খেলা হবে সেটা নিয়ে চর্চা চলছে। দুবাইয়ের স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার করা হয়েছে চারটি পিচ । শেষ দু'টি ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করা হবে না। আবার অল্প সময়ের মধ্যে নতুন পিচকে তৈরি করাও যাবে না। তাই ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা হচ্ছে।
আইসিসির এক কর্তা পিচ প্রসঙ্গে বলেছেন, ফাইনালের পিচ এক দম নতুন হবে না। তবে মাঝে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে শেষ এক দিনের ম্যাচ হওয়ার পর। এই সময়ের মধ্যে পিচকে নতুন করে তৈরু করে ফেলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। তবে দুবাইয়ের উইকেটে চরিত্রের খুব বেশি পরিবর্তন হবে না। সম্ভবক ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচেই ফাইনাল হবে।












Click it and Unblock the Notifications