Champions Trophy: টিম ইন্ডিয়ার সংসারে সংঘাত! দল নির্বাচন নিয়ে ভিন্ন মত কোচ-মুখ্য নির্বাচকের
কয়েকদিন পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চলছে প্রবল চর্চা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দল নির্বাচন নিয়ে একই লাইনে অবস্থান করছেন না থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকরের মধ্যে প্রবল মত পার্থক্য রয়েছে। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় কোচ এবং মুখ্য নির্বাচকের মধ্যে প্রবল মতপার্থক্য হয়েছিল।

কিন্তু কী নিয়ে কোচ এবং মুখ্য নির্বাচকের মধ্যে এত পার্থক্য, বিষয়টি হল শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থকে নিয়ে। কাকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া হবে তা নিয়ে ভিন্ন লাইনে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের দুই গুরুত্বপূর্ণ সদস্য। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষাণা করেছিলেন মুখ্য নির্বাচক তখন জানিয়েছিলেন ঋষভ পন্থই দলের এক নম্বর উইকেটরক্ষক।
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ঋষভ পন্থকে খেলানোই হয়নি। উইকেটরক্ষক ব্যাটার হিসাবে খেলানো হয় কেএল রাহুলকে। এমনকি সিরিজ জয়ের পর কোচ গৌতম গম্ভীর বলেন, কেএল রাহুলই দলের এক নম্বর উইকেটরক্ষক। দুই জনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ফলে এখান থেকেই স্পষ্ট কোচ ও মুখ্য নির্বাচকর একই লাইনে অবস্থান করছেন না।
একইসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রেয়স আইয়ারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়েও দুই জনের মধ্যে প্রবল মতপার্থক্য হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কাকে দলে নেওয়া হবে তা নিয়েও দুজনের মধ্যে মতবিরোধ ছিল।
একটি সূত্র উল্লেখ করেছেন, নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকার, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা করার সময়, ঋষভ পন্থকেই দলের প্রধান উইকেটরক্ষক বলে দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল পন্থই একমাত্র ক্রিকেটার যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সূত্রটি আরও জানিয়েছেন, শ্রেয়স আইয়ারকে দলে ধরে রাখা এবং দ্বিতীয় উইকেটরক্ষক নিয়েও এক মত নন গম্ভীর-আগারকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়স দলে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভবনাই বেশি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications