Champions Trophy: নিরপেক্ষ ভেন্যু নিয়ে জটিলতার অবসান, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সংশয়ে নিউজিল্যান্ডও
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েও যেন হচ্ছে না। হাইব্রিড মডেলের উপরেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি। কিন্তু তার পরেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। অথচ টুর্নামেন্টের দিনক্ষণ এগিয়ে আসছে। বিসিসিআই , আইসিসির হাইব্রিড মডেল মেনে নিয়েছে পিসিবি। কিন্তু নিরপেক্ষ ভেন্যু কোনটা হবে তা নিয়ে জটিলতা চলছিল।
তবে এই জটিলতারও অবসান হয়েছে বলেই পিসিবির পক্ষ থেকে জানানো হল। রবিবার রাতের দিকে পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে মেনে নিয়েছে পিসিবি। ভারতের ম্যাচ গুলি দুবাইতে হতে চলেছে। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড প্রধানের সঙ্গে বৈঠক করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তারপরই জটিলতার অবসান হয়েছে বলে আগেই পাক সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল।

প্রথমে ঠিক ছিল, নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। তারা চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। কিন্তু শেষ পর্যন্ত মরুদেশই দ্বিতীয় ভেন্যু হতে চলেছে চ্যাম্পিয়্ন্স ট্রফির।
একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা নিরপেক্ষ দেশেই হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় সিরিজ হবে পাকিস্তানে। সেখানে পাকিস্তানের পাশাপাশি খেলবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সংশয়ে নিউজিল্যান্ড। কিউয়িদের বিশেষ প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং ক্রিকেটারদের সংস্থার প্রতিনিধি ব্র্যাড রডেন গিয়েছেন পাকিস্তানে।
একই সময়ে আইসিসি-র একটি দলও পাকিস্তানে গিয়েছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রস্তুতি খতিয়ে দেখছে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে আইসিসির প্রতিনিধি দল যাবে। পিসিবির এক আধিকারিক জানিয়েছেন, এটি নেহাতই 'রুটিন' পরিদর্শন। সব আইসিসি প্রতিযোগিতার আগেই এমন হয়ে থাকে। তবে মুখে যতই বলুন না কেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই।












Click it and Unblock the Notifications