CT 2025: রোহিতের কীর্তি আপাতত সুরক্ষিত, বিরাটের ঘাড়ের কাছে রবীন্দ্র! ফাইনালে সচিন-সৌরভকে ছুঁতে পারেন কোহলি
CT 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ লাহোরে শতরান হাঁকালেন নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র। চলতি টুর্নামেন্টে দ্বিতীয় শতরান।
নিউজিল্যান্ড যদি ফাইনালে যায় তাহলে তৃতীয় শতরান হাঁকানোর সুযোগ পাবেন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও একটি সংস্করণে তিনটি শতরান হাঁকানোর নজির ক্রিস গেইল ছাড়া কারও নেই। রবীন্দ্র বিরাট কোহলির ঘাড়েও নিঃশ্বাস ফেলতে শুরু করলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান পেলে রোহিত শর্মার আরও কাছে চলে যেতে পারতেন বিরাট। আইসিসির ওডিআই ইভেন্ট বলতে রয়েছে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি। তাতে সবচেয়ে বেশি আটটি শতরান রয়েছে রোহিত শর্মার।
রোহিত বিশ্বকাপে ২৮টি ম্যাচে সাতটি শতরান পেয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর শতরানের সংখ্যা ১। বিরাট কোহলি ৫০ ওভারের বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলে পাঁচটি শতরান পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান পেলেন এবারই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে।
আইসিসির ওডিআই ইভেন্টে সর্বাধিক শতরানকারীদের তালিকায় রোহিতের পরেই রয়েছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। দুজনেরই সাতটি করে শতরান রয়েছে। সৌরভের লেগেছে ৩২টি ইনিংস, সচিনের ৫৮টি।
বিরাট কোহলি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কিনা তা বলার সময় আসেনি। যদি না খেলেন, তাহলে এই শেষবার কোহলি আইসিসি ওডিআই ইভেন্ট খেলছেন। কোহলি ফাইনালে শতরান পেলে তিনি আইসিসি ওডিআই ইভেন্টে শতরানকারীদের তালিকায় ধরে ফেলবেন সচিন ও সৌরভের কীর্তি, ৫৪ ইনিংস খেলে।
বিরাট ছা়ড়াও বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ৬টি করে ওডিআই শতরান রয়েছে ভারতের শিখর ধাওয়ান, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।
আইসিসি ওডিআই ইভেন্টে পাঁচটি করে শতরানকারীদের তালিকায় শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও পাকিস্তানের সঈদ আনোয়ারের পাশে নাম লেখালেন রাচিন রবীন্দ্র। তাঁর কেরিয়ারের পাঁচটি ওডিআই শতরানই আইসিসি ইভেন্টে।
ফাইনালে শতরান পেলে ধরে ফেলবেন বিরাট কোহলিদের। ক্রিস গেইলের চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও সংস্করণে সর্বাধিক তিনটি শতরান হাঁকানোর নজির ছোঁয়ারও সুযোগ পাবেন বছর পঁচিশের রবীন্দ্র।












Click it and Unblock the Notifications