CT 2025: ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডার কোহলিও বিরাট নজিরের দোরগোড়ায়, ধুলোয় মিশতে পারে সচিনের একাধিক রেকর্ড
CT 2025, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। দুই দলই চাইবে এই টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক সারতে।
বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। কাল তিনি একাধিক নজির গড়তে পারেন। ভাঙতে পারেন একাধিক রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক হওয়া বিরাট কোহলির কাছে স্রেফ সময়ের অপেক্ষা। ১৫ ম্যাচে তাঁর ৬৫১ রান রয়েছে। শিখর ধাওয়ান ১০ ম্যাচে ৭০১ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩ ম্যাচে ৬৬৫ রান করে রয়েছেন যথাক্রমে এক ও দুইয়ে। কোহলি ৫১ রান করলেই টপকে যাবেন শিখরকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা করেছেন ১৭ ম্যাচে ৭৯১ রান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে গেলে আরও তিনটি ম্যাচ পাবেন বিরাট। গেইলকে টপকাতে দরকার ১৪২ রান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ৪২ ম্যাচে ১৭৫০। কোহলির রয়েছে ৩১ ম্যাচে ১৬৪৫। ফলে কাল যদি কোহলি ১০৬ রান করেন তাহলে কিউয়িদের বিরুদ্ধে ওডিআইয়ে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ৬টি করে শতরান রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি ও রিকি পন্টিংয়ের। কালকের ম্যাচে সেঞ্চুরি করলে কোহলি বাকি দুজনকে পিছনে ফেলে দিতে পারবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০-এর বেশি রান সবচেয়ে বেশি রয়েছে চার ব্যাটারের। ৬ বার করে অন্তত ৫০ রান করেছেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়। বিরাট কাল অর্ধশতরান পূর্ণ করলেই বাকি তিনজনকে পিছনে ফেলে দেবেন এই ঈর্ষণীয় নজিরের তালিকায়।
আইসিসির ওডিআই ইভেন্টে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি রান করার নজির যুগ্মভাবে রয়েছে বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের। বিরাট খেলেছেন ৫২টি ম্যাচ, সচিন ৬১টি। দুজনেই ২৩ বার এই মাইলস্টোন স্পর্শ করেছেন। কাল সচিনকে পিছনে ফেলার আরও একটি সুযোগ পাবেন বিরাট।
একদিনের আন্তর্জাতিকে বিরাট দ্রুততম ১৪ হাজার রান পূর্ণ করেছেন। তিনি আর ১৫০ রান করলেই ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুইয়ে উঠে আসবেন। শীর্ষে থাকা সচিনের রান ১৮,৪২৬। কুমার সঙ্গকারার রয়েছে ১৪,২৩৪ রান। কোহলির রান ১৪,০৮৫।
মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে ফিল্ডার হিসেবে ওডিআইয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড দখলে নিয়েছেন কোহলি। নিউজিল্যান্ড ম্যাচে তিনটি ক্যাচ ধরলে তাঁর ক্যাচের সংখ্যা হবে ১৬১। সেক্ষেত্রে রিকি পন্টিংয়ের ১৬০টি ক্যাচ ধরার নজির ভেঙে তিনি ক্যাচ ধরার নিরিখে দ্বিতীয় সফলতম ফিল্ডার হবেন। মাহেলা জয়বর্ধনের রয়েছে ২১৮টি ক্যাচ।












Click it and Unblock the Notifications