CT 2025, IND vs PAK: বিরাটের পায়ে আইসপ্যাক, চোট নিয়ে সংশয়! পন্থ এলেনই না অনুশীলনে
CT 2025, IND vs PAK: কাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে আচমকাই সংশয় তৈরি হলো বিরাট কোহলিকে নিয়ে।
সেই সঙ্গে আজ ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল না ঋষভ পন্থকে। লোকেশ রাহুলের উপরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা দেখানোয় আপাতত পন্থ একাদশে আসছেন না।

বিরাট কোহলি দীর্ঘদিন চেনা ছন্দে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অর্ধশতরান করলেও কোহলি হতাশ করেছেন বাংলাদেশ ম্যাচে। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে কোহলির ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়।
আজ আইসিসি আকাদেমিতে অনুশীলন সারল ভারত। ভারতের বাকি ক্রিকেটাররা আসার আগেই অনুশীলনে নেমে পড়েন কোহলি। তিনি বারবার লেগ স্পিনারের বলে আউট হচ্ছেন। এই খামতি মেটানোর জন্য বিশেষ অনুশীলন সারেন কোহলি।
লেগ স্পিনার, অফ-স্পিনার, বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধেই আজ বেশিক্ষণ প্র্যাকটিস সারলেন। অন্যদিনের চেয়ে আজ অনেক বেশি নেটে সময় কাটান কোহলি। তাতেই স্পষ্ট, তিনি ছন্দে ফিরতে মুখিয়ে রয়েছেন। পাকিস্তান ম্যাচেই দেখা যেতে পারে চেনা ঝলক।
কিন্তু তারই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সাংবাদিক এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিরাটের একটি ছবি। যাতে দেখা যাচ্ছে কোহলির বাঁ পায়ের গোড়ালির জায়গায় লাগানো রয়েছে আইসপ্যাক।
বিরাট নাগপুরে ভারত-ইংল্যান্ড ওডিআই খেলতে পারেননি হাঁটুর সমস্যার কারণে। তবে কটক ও আমেদাবাদে খেলেন। এবার বিরাটের পায়ে আইসপ্যাক দেখে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে, কালকের ম্যাচে কোহলি খেলতে পারবেন কিনা তা নিয়ে।
Virat Kohli spotted with an ice pack on his left leg after India’s practice session ahead of the high-voltage clash against Pakistan. A concern or just routine recovery? #INDvPAK #ViratKohli #CT2025 pic.twitter.com/eSUSETB6FY
— Ankan Kar (@AnkanKar) February 22, 2025
বিসিসিআইয়ের তরফে বিরাটের চোট নিয়ে কিছু জানানো হয়। টিম ম্যানেজমেন্টও কিছু জানায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে চিন্তা বাড়ছেই। কেন না, বিরাট কোহলির মতো ক্রিকেটার খেলতে না পারলে তা ভারতের কাছে বড় ধাক্কাই হবে।
আজ ভারতের অনুশীলনে দেখা যায়নি ঋষভ পন্থকে। ওডিআই একাদশে লোকেশ রাহুলের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ম্যাচে রাহুল ব্যাট হাতেও দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ফলে তিনিই যে কালকের ম্যাচে খেলবেন তা নিয়ে সংশয় নেই।
ঋষভ পন্থকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। জানা যাচ্ছে, পন্থ ভাইরাল জ্বরে কাবু। সে কারণেই আজ অনুশীলনে আসেননি।












Click it and Unblock the Notifications