Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরে বিরাট কোহলি, ভেঙে দিতে পারেন ৫টি রেকর্ড
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিই রোহিত শর্মা বা বিরাট কোহলিদের কেরিয়ারের শেষ আইসিসি ইভেন্ট কিনা তা বলবে সময়। তবে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে কোহলির ফর্মের উপর।
বিরাট কোহলি বহুদিন ধরেই চেনা ছন্দে নেই। তবে আইসিসি ইভেন্টে কোহলির যা ট্র্যাক রেকর্ড তাতে আশাবাদী হওয়াই যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইয়ে কোহলি অর্ধশতরান পেয়েছেন। দুবাইয়ে নেটেও তাঁকে ভালো ছন্দেই দেখা যাচ্ছে। আর ৩৭ রান করলেই একদিনের আন্তর্জাতিকে ১৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন কোহলি। তাঁর সামনে রয়েছে পাঁচটি রেকর্ড গড়ার হাতছানি।
কোহলি ১৩,৯৬৩ রান করেছেন ২৯৭টি ওডিআই ম্যাচে। সচিন তেন্ডুলকর ওডিআইয়ে ১৪ হাজার রান করেছিলেন ৩৫৯তম ম্যাচে ৩৫০তম ইনিংসে। শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার লেগেছিল ৪০২টি ম্যাচ ও ৩৭৮টি ইনিংস। ফলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ হাজার ওডিআই রান পূর্ণ করতে চলেছেন কোহলি।
২০০৮ সালে অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকের পর থেকে কোহলি ৫৪৫ ম্যাচে ২৭,৩৮১ রান করেছেন। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ১০৩ রান করেন তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রিকি পন্টিংকে (৫৬০ ম্যাচে ২৭,৪৮৩ রান) টপকে চলে আসবেন তিন নম্বরে।
কোহলি প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন ২০০৯ সালে। এখনও অবধি এই টুর্নামেন্টে তিনি ১৩টি ম্যাচে ৫২৯ রান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের, তিনি ৭৯১ রান করেছেন। গেইলের রেকর্ড ভাঙতে কোহলির চাই ২৬৩ রান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি অর্ধশতরান করেছেন রাহুল দ্রাবিড় (১৯ ম্যাচে ৬টি)। কোহলির রয়েছে ১৩ ম্যাচে পাঁচটি অর্ধশতরান। ফলে দ্রাবিড়ের থেকে রেকর্ড ছিনিয়ে নিতে কোহলির প্রয়োজন ২টি হাফ সেঞ্চুরি।
বিরাট কোহলি ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও গত বছর টি২০ বিশ্বকাপ জিতেছেন। তাছাড়া ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছেন। এবার ভারত চ্যাম্পিয়ন হলে কোহলি ৫ বার আইসিসি ইভেন্ট জেতার সাক্ষী থাকবেন।
পাঁচবার আইসিসি ইভেন্ট জেতার সাক্ষী এখনও অবধি একমাত্র রিকি পন্টিং। পান্টার ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি-জয়ী দলে ছিলেন। পন্টিংয়ের মতো দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির দখল নিতে মুখিয়ে থাকবেন কোহলি। ভারত অভিযান শুরু করবে বাংলাদেশ ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার, দুবাইয়ে। তারপর রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। ভারতের গ্রুপ পর্বে শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications