CT 2025, IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে একাধিক নজিরের হাতছানি বিরাটের সামনে, ভাঙতে পারেন সচিনের রেকর্ড
CT 2025, IND vs NZ: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-র শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর সেই ম্যাচেই একাধিক নজিরের হাতছানি বিরাট কোহলির সামনে।
পাকিস্তান ম্যাচে অপরাজিত শতরান করে ভারতকে জিতিয়েছিলেন কোহলি। কিউয়িদের বিরুদ্ধে তিনি ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ডও।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি কোহলির কেরিয়ারের ৩০০তম ওডিআই (পরিত্যক্ত ম্যাচগুলিকে ধরা হলে)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট ৩১টি ওডিআই খেলেছেন। রান করেছেন ১৬৪৫। সর্বাধিক স্কোর অপরাজিত ১৫৪।
২০২৩ সালে শেষবার কিউয়িদের বিরুদ্ধে ওডিআই খেলেছেন বিরাট। বিশ্বকাপ সেমিফাইনালে তিনি করেছিলেন ১১৩ বলে ১১৭। তার আগে ওই বিশ্বকাপেই ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল বিরাটের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রান করতে কোহলির দরকার ৮৫ রান। সচিন তেন্ডুলকর (৩৩৪৫), রিকি পন্টিং (৩১৪৫), জ্যাক কালিস (৩০৭১) ও জো রুট (৩০৬৮) এই নজির স্পর্শ করেছেন।
বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৫টি আন্তর্জাতিক ম্য়াচে ২৯১৫ রান করেছেন। ৯টি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান রয়েছে সচিন তেন্ডুলকরের।
সচিন পাঁচটি শতরান ও ৮টি হাফ সেঞ্চুরি-সহ ৪২টি ম্যাচে ১৭৫০ রান করেছেন। সচিনের সেই রান টপকাতে কোহলির দরকার ১০৫ রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে সবচেয়ে বেশি ৫১ ম্যাচে ১৯৭১ রান রয়েছে রিকি পন্টিংয়ের।
ওডিআই ফরম্যাটে আইসিসি ইভেন্টে বিরাট ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাত্র ১ রানে আউট হয়েছিলেন। খেলেছিলেন ৬ বল। ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোর হয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডে বিরাট কিউয়িদের বিরুদ্ধে ১৩টি ওডিআইয়ে ৫৯৬ রান করেছেন। একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে।












Click it and Unblock the Notifications