Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম সস্তার টিকিট পাকিস্তানে, তাতেও মাঠ ভরবে তো?
Champions Trophy 2025: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। তারই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।
স্টেডিয়াম তৈরির কাজ নিয়ে ল্যাজেগোবরে দশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এবার টিকিটের যা দামের কথা জানা গেল তা অবাক করে দিতে বাধ্য।

করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। ভারত সেমিফাইনালে উঠলে সেটিও খেলবে দুবাইয়ে। ফাইনালও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাকিস্তানে মাঠ ভরবে কিনা সেটাই বড় প্রশ্ন।
আইসিসির গ্লোবাল ইভেন্ট ১৯৯৬ সালের পর হয়নি পাকিস্তানে। সেবার পিসিবি যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল। টি২০-র বাড়বাড়ন্তে এমনিতেই চ্যালেঞ্জের মুখে ৫০ ওভারের ক্রিকেট। ২০১৭ সালের পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যা হবে ওডিআই ফরম্যাটেই।
একদিকে ওডিআই টুর্নামেন্ট, অন্যদিকে দেশের শোচনীয় অর্থনৈতিক হাল। যার নিট ফল টিকিটের বন্দোবস্ত করা হয়েছে জলের দরে। সংবাদসংস্থা পিটিআইয়ের হাতে আসা তথ্য বলছে, সর্বনিম্ন টিকিটের দাম ধার্য হয়েছে পাকিস্তানের মুদ্রায় ১০০০ টাকা, ভারতীয় মুদ্রায় যা ৩১০ টাকা!
রাওয়ালপিন্ডিতে জেনারেল এনক্লোজারে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে পাকিস্তানি মুদ্রায় ২০০০ টাকা, যা ভারতীয় মুদ্রায় ৬২০ টাকা। পাকিস্তানে যে সেমিফাইনাল হবে তার টিকিটের সর্বনিম্ন দর পাকিস্তানি মুদ্রায় ২৫০০ টাকা (ভারতীয় মুদ্রায় ৭৭৬ টাকা)।
ভিভিআইপি এনক্লোজারের জন্য টিকিটের দাম পাকিস্তানি মুদ্রায় ১২ হাজার টাকা, যা ভারতীয় মুদ্রায় ৩৭২৬ টাকা। সেমিফাইনালের টিকিটের দর ওই এনক্লোজারেই ২৫ হাজার টাকা, যা ভারতীয় মুদ্রায় ৭৭৬৪ টাকা।
করাচিতে প্রিমিয়াম এনক্লোজারের টিকিটের দাম পাকিস্তানি মুদ্রায় ৩৫০০ টাকা (ভারতীয় মুদ্রায় ১০৮৬ টাকা)। লাহোরের ক্ষেত্রে তা ৫০০০ টাকা (ভারতীয় মুদ্রায় ১৫৫০ টাকা)। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথের প্রিমিয়াম টিকিটের দাম ৭০০০ টাকা (ভারতীয় মুদ্রায় ২১৭০ টাকা)।
পিসিবি করাচি ও লাহোরে ভিআইপি টিকিটের দাম রাখছে পাকিস্তানি মুদ্রায় ৭ ও সাড়ে ৭ হাজার টাকা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ম্য়াচের জন্য ১২,৫০০ টাকা।
আপাতত জানা যাচ্ছে, ১৮ হাজার দর্শকের জন্য টিকিট বিক্রি করা হবে। তবে একজন কতগুলি কিনতে পারবেন, কিংবা অনলাইনে টিকিট ছাড়া হবে কিনা তা স্পষ্ট নয়। আইসিসি ইভেন্টে আয়োজক দেশ টিকিট বিক্রি করে, গেট মানি থেকে এবং হসপিটালিটি বক্স থেকে আয় করে। এ ছাড়া আইসিসি হোস্টিং ফি দিয়ে থাকে।
২৩ ফেব্রুয়ারি ভারত-পাক দ্বৈরথ-সহ ভারতের যে ম্যাচগুলি দুবাইয়ে হবে সেখানকার টিকিট ও হসপিটালিটি বক্সের থেকে ওঠা অর্থের কিছু অংশ পাওয়ার আশায় বসে রয়েছে পিসিবি। তবে দুবাইয়ে ভারতের জন্য নিশ্চিতভাবেই টিকিটের দর বেশি থাকবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications