CT 2025, IND vs BAN: গিলের অপরাজিত সেঞ্চুরি, যোগ্য সঙ্গত রাহুলের, বাংলাদেশ বধ সারল ভারত
CT 2025, IND vs BAN: জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত। দুবাইয়ে বাংলাদেশকে রোহিত শর্মারা হারালেন ছয় উইকেটে।
জয়ের নায়ক শুভমান গিল। যিনি কেরিয়ারের অষ্টম ওডিআই শতরান হাঁকালেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয়।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল ৪৯.৪ ওভারে ২২৮ রান। তৌহিদ হৃদয় ১০০ ও জাকের আলি ৬৮ রান করেন। তানজিদ হাসান ২৫ ও রিশাদ হোসেন ১৮ রান করে আউট হন। বাংলাদেশের চার ব্যাটার শূন্য রানে আউট হন। শূন্য রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান।
মহম্মদ শামি ১০ ওভারে ৫৩ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। হর্ষিত রানা ৭.৪ ওভারে ৩১ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৯ ওভারে ৪৩ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন।
জবাবে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন গিল ও লোকেশ রাহুল। রোহিত শর্মা ৩৬ বলে ৪১, বিরাট কোহলি ৩৮ বলে ২২, শ্রেয়স আইয়ার ১৭ বলে ১৫ ও অক্ষর প্যাটেল ১২ বলে ৮ রান করেন। অক্ষরকে নামানো হয় পাঁচে।
ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ৩০.১ ওভারে ১৪৪ রানে। সেখান থেকে দলকে ২২৯ রানের টার্গেট পৌঁছে দিল গিল-রাহুল জুটি। লোকেশ রাহুল টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিয়ে দায়িত্বশীল ইনিংস খেললেন।
শুভমান গিল এদিন শতরান পূর্ণ করলেন ১২৫ বল খেলে। তখন অবধি তাঁর নামের পাশে ৯টি চার ও ২টি ছয়। শুভমান এর আগে ২০২৩ সালে কলম্বোয় এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ করেছিলেন। এরপর বাংলাদেশের বিরুদ্ধে এদিন ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি গিলের প্রথম শতরান।
ভারত ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ তুলল। গিল ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থাকলেন। একটি চার ও ২টি ছয় মেরে ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন রাহুল। রিশাদ হোসেন ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পেলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
২১ বল হাতে রেখে ৬ উইকেটে আজ জিতলেও গ্রুপ এ-র পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারল না ভারত। ভারতের নেট রান রেট ০.৪০৮। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ১.২০০। এদিন রোহিত শর্মার নেতৃত্বে শততম জয়ের সাক্ষী থাকল ভারত। রোহিত নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও বিরাট কোহলির সঙ্গে।












Click it and Unblock the Notifications