Champions Trophy 2025: রোহিত যাচ্ছেন না, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও ধাক্কা দিল পাকিস্তানকে
Champions Trophy 2025: ২০১৭ সালের পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হবে হাইব্রিড মডেলে। তবে ভাঙছে চিরাচরিত রীতি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। যাতে স্বস্তি পেলেন রোহিত শর্মা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও ধাক্কা দিল পাকিস্তানকে।

আইসিসি এখনও সরকারিভাবে কিছু জানায়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বুঝে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে অধিনায়কদের ফোটোসেশন, প্রেস কনফারেন্স কিছুই হচ্ছে না।
রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে রঞ্জি ম্য়াচে খেলছেন না। তবে বিকেসি গ্রাউন্ডে আজ তিনি নেটে সাদা বলে অনুশীলন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন রোহিত শুরু করে দিলেন। লাল বলে তাঁর ফর্ম মোটেই ভালো নয়। যদিও সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে থাকতে মুখিয়ে ভারত অধিনায়ক।
যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কদের রীতি মেনে এক জায়গায় জড়ো করতে পারতো, তাহলে রোহিত পাকিস্তানে যেতেন কিনা তা নিয়ে জল্পনা চলছেই। তবে সব কর্মসূচি বাতিল হওয়ায় রোহিতকে পাকিস্তানে যেতে হবে না। এটা সম্ভব হলো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার পরিকল্পনার কারণেই।
ইংল্যান্ড ভারতে সাদা বলের সিরিজ খেলছে। ১২ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ শেষ হবে। দ্য নিউজের প্রতিবেদনে উল্লেখ, ইংল্যান্ড সাদা বলের সিরিজের পর সপ্তাহখানেক বিশ্রাম দেবে ক্রিকেটারদের। ফলে ইংল্যান্ড দল লাহোর পৌঁছবে ১৮ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কায়। সেই সিরিজের পর চার দিনের বিশ্রাম নিয়ে অস্ট্রেলিয়া দল লাহোরে পৌঁছবে ১৯ ফেব্রুয়ারি। ১৯ তারিখ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে প্রস্তুতি ম্যাচগুলি ধার্য করা হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তা খেলবে না।
ভারত ও বাংলাদেশ দুবাইয়ে ১৫ ফেব্রুয়ারি পৌঁছবে বলে জানা যাচ্ছে। আফগানিস্তান ইসলামাবাদে পৌঁছবে ১২ ফেব্রুয়ারি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ লাহোর ও করাচিতে হবে। ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে শুরু হয়ে যা চলবে ১৪ তারিখ অবধি। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে ১৯ তারিখ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications