CT 2025, IND vs BAN: রোহিতের ভুলো মন! টসের পর ভারতের একাদশ জানাতে গিয়েই করে ফেললেন গুবলেট
CT 2025, IND vs BAN: রোহিত শর্মা অনেক কিছুই ভুলে যান। তা নিয়ে সংবাদমাধ্যমে নানা ঘটনার কথা উল্লেখ করেন হিটম্যানের সতীর্থরা।
কখনও টিম হোটেলে, কখনও বা ড্রেসিংরুমে বা টিম বাসেও মূল্যবান সামগ্রী ফেলে আসেন রোহিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনেও রোহিতের ভুলো মন উপস্থাপিত হয়েছে।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে মেন ইন ব্লু মুখোমুখি বাংলাদেশের। টস হারলেন রোহিত। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কয়েন তুললে রোহিত হেড কল করেন। টেল পড়ে। টস জিতে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।
উইকেটে ঘাস নেই। তবে রোহিত শর্মা এদিন টসের পর জানান, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। তার কারণ, আগে যখন এখানে খেলেছেন তখন দেখা গিয়েছে নৈশালোকে ব্যাটিং করা সুবিধাজনক হয়ে থাকে। বাংলাদেশ টস জিতেছে। এবার পরিকল্পনামাফিক বোলিং করাই যে তাঁদের লক্ষ্য সে কথা জানান রোহিত।
ভারত-বাংলাদেশ পারস্পরিক দ্বৈরথে রোহিতরা অনেকটাই এগিয়ে। ইংল্যান্ডকে দেশের মাটিতে ওডিআই সিরিজে পর্যুদস্ত করেছে ভারত। সেই সিরিজের মতো মোমেন্টাম বা ধারাবাহিকতা বজায় রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে বদ্ধপরিকর রোহিতরা।
ভারত অধিনায়ক বলেন, আইসিসি ইভেন্ট এক্সাইটিং তার বড় কারণ এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সব দলেরই লক্ষ্য থাকে সব ম্যাচে জেতা। ফলে ভারত যে বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না, সেটাও স্পষ্ট করে দেন ভারত অধিনায়ক। দলের সকলেই ফিট, খেলার জন্য প্রস্তুত বলেও জানান রোহিত।
এরপরই রবি শাস্ত্রী বলেন, একাদশ বাছাই করাই ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা। আজ কম্বিনেশন কেমন? রোহিত বলেন, শুরু থেকে শেষ অবধি বলছি না। তবে আগের ম্যাচের দল থেকে বরুণ চক্রবর্তী আজ নেই। রবীন্দ্র জাদেজা দলে ফিরলেন। অর্শদীপ সিং খেলছেন না, তাঁর জায়গায় খেলছেন শামি।
তবে জাদেজার নাম বলতে গিয়ে কুলদীপ যাদবের নাম বলে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে জাদেজার নাম উল্লেখ করেন। কিন্তু তাতেও রোহিতের 'ভুলো মনে'র উদাহরণ রয়েই গেল। ভারত দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে খেলায়নি বরুণ চক্রবর্তীকে।
ওই ম্যাচে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি আজ বাইরে গেলেন। তাঁর জায়গায় এলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু টসের সময় সুন্দরের কথা ভুলেই গেলেন রোহিত! রোহিত উল্লেখ করলেন বরুণের কথা। বরুণ ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শুধু কটকে দ্বিতীয় ম্যাচেই খেলেছিলেন।












Click it and Unblock the Notifications