Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির ষড়যন্ত্রে বিপাকে পাকিস্তান! রামিজ রাজার দাবি হাসির খোরাক
Champions Trophy 2025: নিউজিল্য়ান্ডের জয় গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একসঙ্গে ছিটকে দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশকে। পাকিস্তান অবশ্য প্রথম দুটি ম্যাচ হেরেই আইসিইউতে চলে গিয়েছিল।
আয়োজক দেশের এভাবে ছিটকে যাওয়া হজম হচ্ছে না পাকিস্তানের। মুখ বাঁচাতে তাই নানাবিধ তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে। যা হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।

নাচতে না জানলে উঠোনের দোষ- এই প্রবাদকে মনে করালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি পাকিস্তানের ব্যর্থতার জন্য দায়ী করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিকেই। যাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি।
রামিজের কথায়, আমি পাকিস্তানকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখে অবাক হয়ে গিয়েছি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলা উচিত ছিল। যদিও বাংলাদেশ শক্তিশালী দল, তা সত্ত্বেও প্রথম ম্যাচে তুলনামূলকভাবে সহজ ম্যাচ পেত পাকিস্তান। উল্লেখ্য, এই গ্রুপেই ভারত অভিযান শুরু করেছে বাংলাদেশ ম্যাচ দিয়ে।
রামিজের মতে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললে সব দলের উপর চাপ সমান হতো। কিন্তু তা না হওয়ায় নিউজিল্যান্ড বাড়তি সুবিধা পেয়ে গেল টুর্নামেন্টের শুরুতেই। পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে শুরুতেই হারায় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান খারাপ পরিস্থিতিতে পড়ে যায় বলে দাবি রামিজের।
পাকিস্তান এবার নেমেছিল খেতাব দখলে রাখার লক্ষ্যে। কিন্তু নিউজিল্যান্ড ও ভারতের কাছে বড় ব্যবধানে হারায় পয়েন্ট তালিকায় মহম্মদ রিজওয়ানরা সকলের নীচে। বৃহস্পতিবারের পাকিস্তান-বাংলাদেশ নিয়ে আগ্রহ থাকবে বলে আশাবাদী ছিল পিসিবি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ম্য়াচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার।
রামিজ রাজা বলেন, পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই পরাস্ত হয়েছে। এই পরাজয় পাকিস্তানের উপর চাপ বাড়ায়। আমি জানি না, পাকিস্তান কেন বাংলাদেশ বা ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলল না। তা হলো প্রতিপক্ষ দলের মতো পাকিস্তানের চাপও সমান থাকতো।
তবে বিরাট কোহলির প্রশংসা করেছেন রামিজ। তিনি বলেন, বিরাটের ইনিংসে সব কিছুই দেখা দিয়েছে। শান্তভাবে খেলার পাশাপাশি আগ্রাসীও হয়েছেন। দারুণ গতিতে নিজের ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন। বিরাট কোহলি কমপ্লিট প্যাকেজ। তিনি সব সময় নিজেকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন। সব বোলারের বিরুদ্ধেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। কাউকেই থিতু হতে দেননি।












Click it and Unblock the Notifications