Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিকল্প ভাবনা আইসিসির, ভারতের চাপে মুখ পুড়তে চলেছে পাকিস্তানের
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও মুখ পুড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিসিসিআই নানাভাবে স্পষ্ট করে দিয়েছে, ভারতীয় দল পাকিস্তানে যাবে না।
এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে আপত্তি নেই বিসিসিআইয়ের। যদিও পিসিবি অনড় গোটা টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করতে।

করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি আয়োজনের পরিকল্পনা পিসিবির। সেইমতো খসড়া ক্রীড়াসূচি জমা দিয়েছে আইসিসির কাছে। ভারতের ম্যাচগুলি রাখা হয়েছে লাহোরে। যাতে ভারতীয় সমর্থকদের খেলা দেখতে যেতে সুবিধা হয়।
বিসিসিআই সরকারিভাবে জানিয়েছে, পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেতের উপর। যদিও বিসিসিআই আইসিসিকে জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। দুবাই বা শ্রীলঙ্কাতে খেলা দেওয়া হোক।
আইসিসির বার্ষিক কনফারেন্স রয়েছে কলম্বোয়। চলতি মাসের ১৯ থেকে ২২ তারিখ অবধি। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতের অবস্থানের কথা বিবেচনা করে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সেক্ষেত্রে সহযোগী দেশ হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরশাহী।
কন্টিনজেন্সি বাজেটও তৈরি করা হচ্ছে। এমন ভাবনাও রয়েছে দুবাইয়ে হবে কিছু ম্যাচ। বাকি ম্যাচগুলি শুধু করাচিতেই হতে পারে। তবে রাওয়ালপিন্ডি ও লাহোরেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে দেখতে হবে যাতায়াতের সুবিধা, নিরাপত্তার বিষয়গুলিও।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে সেমিফাইনাল ও ফাইনালের মতো বড় ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে না হওয়ার সম্ভাবনাই প্রবল। যা পিসিবির কাছে বড় ধাক্কা হতে পারে। মহসীন নাকভির নেতৃত্বাধীন পিসিবি অবশ্য এখনও কোনও প্ল্যান বি মানার জায়গায় নেই।
আইসিসির বৈঠকে কোমর বেঁধে নামতে তৈরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যেতে ভারত অস্বীকার করতেই পাশে পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ডকে। এবারও তেমন পরিস্থিতি তৈরি হতেই পারে। যতই পিসিবি এই যুক্তি মেলে ধরার চেষ্টা চালাক না যে, ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দেশই পাকিস্তান সফরে গিয়েছে সাম্প্রতিককালে।












Click it and Unblock the Notifications